শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

নেইমারের গোলে এগিয়ে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১১:১৩ পিএম

শেয়ার করুন:

নেইমারের গোলে এগিয়ে গেল ব্রাজিল

কাতার বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধ থেকে দুই দলই সমানে-সমান লড়াই করলেও নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। যার শুরু থেকেই ক্রোয়েট রক্ষণকে চেপে ধরে ব্রাজিল। আর এতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় তিতে বাহিনী। প্রথম অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নেইমারের গোলে লিড পেয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। ম্যাচের পঞ্চম মিনিটে গোলমুখে প্রথম শট নেয় ব্রাজিল। তবে ভিনিসিয়াস জুনিয়রের সেই শট সহজেই রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক লিভাকভিচ। এর ঠিক আট মিনিট পর প্রথমবারের মতো ভালো সুযোগ পায় ক্রোয়েশিয়া। বল পায়ে নিজেদের অর্ধ থেকে ডি-বক্স পর্যন্ত চলে যান ইউরানোভিচ। তার বল পেয়ে ক্রস করেন পাসালিচ। দারুণ জায়গায় বল পেয়ে যান পেরিসিচ। তবে মিলিতাওয়ের চাপের মুখে শট রাখতে পারেননি লক্ষ্যে। এই যাত্রায় রক্ষা পায় ব্রাজিল।


বিজ্ঞাপন


ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে ভিনিসিয়াসের শট ব্লক করেন সোসা। কয়েক সেকেন্ড পর গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন নেইমার। ৩০তম মিনিটে পেরিসিচের দূরপাল্লার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। এরপর আর কোনো দলই ভালো সুযোগ না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে এই দুই দল।

বিরতি থেকে ফিরে ক্রোয়েশিয়াকে চেপে ধরে ব্রাজিল। ৪৮তম মিনিটে দারুণ সুযোগও পেয়ে যায় তারা। তবে পেনাল্টি স্পটের কাছ থেকে নেইমারের নেয়া শট রুখে দেন গাভারদিওল। ৫৫তম মিনিটে আবারও সুযোগ পান নেইমার। তবে রিচার্লিসনের কাছ থেকে পাওয়া বল বা পায়ের শটে লক্ষ্যভেদ করতে পারেননি এই পিএসজি ফরোয়ার্ড।

এরপর আর কোনো দল ভালো সুযোগ তৈরি করতে পারেনি। এতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যার শুরু থেকেই ক্রোয়েট রক্ষণকে চেপে ধরে সেলেসাওরা। ফলও পেয়ে যায় দ্রুত। ১০৬তম মিনিটে নেইমারের গোলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। এই গোলেই নেইমার স্পর্শ করেন দেশের হয়ে কিংবদন্তি পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড।

এফএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর