মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

মহাবিপদ সংকেতেও সৈকতে সেলফি, প্রতিমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

মহাবিপদ সংকেতেও সৈকতে সেলফি, প্রতিমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত।

ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে গতকাল শনিবার থেকেই পর্যটন নগরী কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে এই মহাবিপদ সংকেতের মাঝেও বহু মানুষকে সমুদ্র সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে। এ বিষয়টি নজরে আসার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান ফোনে প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়ে বলেছেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’


বিজ্ঞাপন


রোববার (১৪ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড়ের হালনাগাদ তথ্য নিয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

>> আরও পড়ুন: তলিয়ে গেছে সেন্টমার্টিনের একাংশ, নিহত ২

ব্রিফিংয়ে মহাবিপদ সংকেত ঘোষণার পরও সমুদ্র সৈকতে অনেক মানুষ যাতায়াত করছে, তাদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ডেফিনেটলি আছে। মহাবিপদ সংকেত দেওয়ার পর কিন্তু সৈকত খালি হয়ে গেছে। শুধু সৈকত নয়, সমস্ত ট্যুরিস্ট অ্যাক্টিভিটিজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেটা দেখে আর্ম ফোর্স ডিভিশনের পিএসওর সঙ্গে কথা বলেছি। তিনি এরপরে বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং সবার প্রচেষ্টায় কিন্তু আমরা তাদের হোটেলে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘‘ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ ছিল না। এমনকি গতকাল (শনিবার) রাত সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে বলেছিলেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’ পরে আমরা ডিসির সঙ্গে কথা বলার পর বিজিবি সৈকত খালি করেছে।’


বিজ্ঞাপন


সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যেটা বলেছেন, এটা সত্যি... কিন্তু সরকার চুপ করে থাকে না, সরকার অ্যাকশন নিয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এটা দেখে আমাদের নির্দেশনা দিয়েছেন।’

ডব্লিউএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর