রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি: বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি: বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিপুলসংখ্যক নাগরিকদের মৃত্যুতে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে বুধবার (৮ ফেব্রুয়ারি) একদিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত আজকের (৯ ফেব্রুয়ারি) কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়।

এতে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির তারিখ পরে জানানো হবে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪টা ১৫ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়েছে একাধিক ভবন। ভয়াবহ এই ভূমিকম্পে এ দুটি দেশের বিস্তৃত এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। মিসর, লেবানন ও সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছেছে। শুধু তুরস্কেই ১২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছে প্রায় চার হাজার বেশি মানুষ।

তুরস্ক ও সিরিয়ার সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ এএফইডি জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬২ হাজার ৯১৪ জন। 

তুরস্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজিয়ান্তেপ শহর। ভূমিকম্পের পরে শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর