সকালে থেকে ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন। উৎসবমুখর পরিবেশ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। আগামী সরকারের কাছে নানা প্রত্যাশার কথা তুলে ধরছেন তারকারা।
এবার জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছেন সংগীতশিল্পী তাসরিফ খান। ভোট নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সুন্দর একটা ভোট হোক, সেখানে জীবনের প্রথম ভোটটা দিতে চাই। তবে প্রত্যাশার কথা বলতে গেলে একটা ভয় কাজ করে ভোট সুষ্ঠু হবে তো? আর হলেও ফলাফল মানবে তো?’
বিজ্ঞাপন
ভোটের পর যে দলই ক্ষমতায় আসুক, তাদের প্রধান দায়িত্ব হবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বলে মনে করেন জনপ্রিয় এই গায়ক। তাসরিফের কথায়, ‘যারা ক্ষমতায় আসবে, তারা যেন ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলে। বৈষম্য দূর করে। জনগণকে দেশের মালিক মনে করে একসঙ্গে কাজ করে এটাই প্রত্যাশা। জনগণের সঙ্গে আর ধোঁকাবাজি না করুক, অতীত থেকে শিক্ষা নিক।’
তিনি আরও বলেন, ‘ধর্ম নিয়ে ব্যবসা চাই না। দখলদারিত্বের রাজনীতি চাই না। ৫ আগস্টের পর আমরা নতুন দেশের স্বপ্ন দেখেছিলাম, বহু প্রাণের বিনিময়ে। কিন্তু দুঃখের বিষয়, এখনও সেই বিশ্বাস কেউ পুরোপুরি অর্জন করতে পারেনি।’
সংগীতশিল্পী তাসরিফ খান মানবিক হৃদয়ের অধিকারী। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান সবসময়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছুটে বেড়ান ত্রাণসামগ্রী নিয়ে। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই তার সেসব কার্যক্রম চোখে পড়ে।
ইএইচ/









































































































































































































