ভোট দিতে এসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করেছেন তার বোন মাসুমা হাদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। এ সময় তার হাতে ভাই হত্যার বিচারের দাবি সংবলিত একটি প্ল্যাকার্ড দেখা যায়। ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে প্ল্যাকার্ডটি উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে। প্ল্যাকার্ডটিতে ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
গণমাধ্যমকর্মীদের মাসুমা হাদী বলেন, “আমার ভাই হত্যার বিচার আজও হয়নি। আমরা কেবল ন্যায়বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও বলেন, “১৭০০ শহীদ ও তিন হাজারের বেশি মানুষের অন্ধত্ব বরণের মতো ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জুলাই বিপ্লবের পর আমার ভাইকে হত্যা করা হয়েছে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার করতেই হবে।”
তিনি আরও উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোট দেওয়া যেমন দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তার সাংবিধানিক অধিকার।
মাসুমা হাদীর এই মৌন প্রতিবাদ ঘিরে ভোটকেন্দ্রে কিছু সময়ের জন্য কৌতূহল ও আলোচনার সৃষ্টি হলেও সার্বিক পরিবেশ শান্ত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ছিলেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন









































































































































































































