চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের মোহনগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে মো. বাইজিত মিয়া (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাইজিত উপজেলার কলুংকা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২টার দিকে জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যায় বাইজিত। এসময় সন্দেহ হলে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার তাকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে। পরে সেনাবাহিনী বাইজিতকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আটক বাইজিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী কমিউনিস্ট পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচন করছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।
প্রতিনিধি/টিবি









































































































































































































