নওগাঁর ছয়টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এসময় ভোট কেন্দ্রগুলোর সামনে প্রার্থীর সমর্থক ও উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
নওগাঁর রাণীনগর উপজেলার সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র। এছাড়া নওগাঁ শহরে পিটিআই, মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে একই চিত্র দেখা যায়।
বিজ্ঞাপন
এ সময় প্রার্থীর সমর্থক ও উৎসুক জনতা রাস্তার দুইপাশে ও ফুটপাতে ভিড় জমিয়েছেন কয়েক শতাধিক মানুষ।
রাণীনগর পশ্চিম বালুভরা গ্রামের দুই যুবক রাকিব ও নিরব দাঁড়িয়ে ছিলেন ভোট কেন্দ্রের সামনে। তাদের সাথে কথা হলে তারা বলেন, ‘আমরা ভোট দিতে এসেছি, কিন্তু এখনো ভোট দেইনি। বাইরে দাঁড়িয়ে ভোটের পরিবেশ দেখছি অনেকদিন পর এমন উৎসব মুখর একটা পরিবেশ পেয়েছি।’
তারা বলেন, ‘আগে তো এভাবে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ দেখেনি। আমরা ভোটার কিন্তু জাতীয় নির্বাচনের ভোট দিতে পারেনি। খুবই আনন্দ লাগছে, ভোট যে একটা উৎসব তা আজ নিজ চোখে দেখছি।
প্রায় তিন ঘন্টা যাবৎ পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ছিলেন ৭০ বছর বয়সী ইছাকাহ আলী। তিনি বলেন, আমরা ছেটবেলা থেকে দেখে আসছি ভোট আসলেই একটা মেলা লাগে। বিভিন্ন দোকানপাট বসে, মানুষের ভিড় হয়। কিন্তু গত ১৫ বছর সেই পরিবেশ ছিল না, এবার সেই পরিবেশ ফিরে আসছে। আমার ছোটবেলার কথা মনে পড়ছে আজ। খুবই ভালো লাগছে আমার তাই ঘুরে ঘুরে বুড়ো বয়সে আনন্দ নিচ্ছি। আমরা চাই এমন ভোটের উৎসব বজায় থাক।
বিজ্ঞাপন
রানীনগর ২নং ওয়ার্ডের দেলোয়ার নামে এক ভোটার জানান, গত ১৫ বছর ভোট দিতে পারিনি। আজ শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। ভোটের যে পরিবেশ ফিরে এসেছে এ কারণে আমরা আনন্দিত।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন পশ্চিম বালুভরা গ্রামের ১৮ বছর বয়সী নতুন ভোটার ইসরাত ভোট দিতে এসে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন- জীবনে প্রথম ভোট কেন্দ্রে এসেছি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে। জীবনের প্রথম জাতীয় নির্বাচন দিয়ে শুরু করলাম, ভোট কেন্দ্রে আসতে কোনোপ্রকার বাধা কিংবা বিড়ম্বনার স্বীকার হয়নি।
এদিকে এই ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাহিরে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছে। বিশেষ করে ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোবাইল টিমও কাজ করছে।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়- নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছয়টি আসনে ৭৮২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১১০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।









































































































































































































