ভোটার তালিকায় গড়মিলের কারণে ভোটাররা ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ, যিনি ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।
ববি হাজ্জাজের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গড়মিল রয়েছে। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন অভিযোগ করেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী।
ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এর আগে সাতটি কেন্দ্র পরিদর্শন করার কথা জানিয়ে তিনি বলেন, প্রায় প্রতিটি কেন্দ্রেই এক বা একাধিক ক্ষেত্রে এমন অসঙ্গতি পাওয়া গেছে। এক কেন্দ্রে দীর্ঘ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে বের করার পর ভোটারের নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।
এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ভোটার তালিকার এই গড়মিল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন, যেখানে তালিকায় অমিল দেখা যাবে সেখানে যেন প্রিজাইডিং অফিসাররা সময় নিয়ে খুঁজে ভোটারকে সহায়তা করেন—এ মর্মে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত রাতে কয়েকটি কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। কারা এ চেষ্টা করেছে, তা তদন্তের দাবি জানান তিনি।
একেএস/এমআর









































































































































































































