রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোটাররা সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটসহ বিভিন্ন দলের মোট ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে জেলার দুইটি আসনে মোট ৩৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
বিজ্ঞাপন
তরুণ ভোটার শামিম আহসান বলেন, ‘আমি এবছরই জীবনে প্রথমবারের মতো ভোট দিতে এসেছি। ভোট কেন্দ্রের পরিবেশ অনেক ভালো দেখছি। কোনো প্রকারের ঝামেলা নাই।’
তরুণ ভোটার আদর সেখ বলেন, ‘যিনি রাজবাড়ী জেলার উন্নয়ন করবেন; যিনি সৎ, যোগ্য, শিক্ষিত এমন প্রার্থীকে ভোট দিবো।’
চায়ের দোকানদার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত কয়েকটা নির্বাচনে নিজের ভোট নিজে দিতে পারিনি। আজ নিজের ভোট নিজে দিলাম। অনেক ভালো লাগছে।’
গৃহবধূ রহিমা বেগম বলেন, ‘আমরা মহিলারা লাইনে দাঁড়িয়ে সম্মানের সাথে ভোট দিয়েছি। ভোট কেন্দ্রের পরিবেশ ঈদের দিনের মতো।’
জানা গেছে, রাজবাড়ী-১ আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ), ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) ও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল)।
বিজ্ঞাপন
এছাড়াও রাজবাড়ী-২ আসনে ৯জন প্রার্থীর মধ্যে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর রশিদ হারুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু (কলস), জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান (লাঙ্গল), ১১ দলীয় জোটের প্রার্থী জামিল হিজাযী (শাপলা কলি), গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ জাহিদ শেখ (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক (হাত পাখা), সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল)।
এদিকে ১১ দলীয় জোটকে সমর্থন করে গত ৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেওয়াল ঘড়ি)।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি আসনের মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮। এর মধ্যে রাজবাড়ী-১ আসনের ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনের ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।
রাজবাড়ী-১ সংসদীয় আসন রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত। এই দুই উপজেলায় রয়েছে ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৪৯ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৮ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৮ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৬ টি। রাজবাড়ী সদর উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫ টি ও গোয়ালন্দ উপজেলা ভোট কেন্দ্রের সংখ্যা ৪১ টি। এই আসনে মোট ভোট কক্ষের সংখ্যা ৯১২ টি। এর মধ্যে স্থায়ী ৯০৪ টি ও অস্থায়ী ৮ টি। রাজবাড়ী সদরে ভোট কক্ষের সংখ্যা ৬৯৫ টি ও গোয়ালন্দ উপজেলা ভোট কক্ষের সংখ্যা ২১৭ টি।
অপরদিকে, রাজবাড়ী-২ আসন তিনটি উপজেলা, ২৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মধ্যে মোট ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পাংশা উপজেলায় ভোটার ২ লাখ ২৫ হাজার ৯৪৩ জন, বালিয়াকান্দি উপজেলায় ১ লাখ ৯০ হাজার ৩১৯ জন এবং কালুখালী উপজেলায় ১ লাখ ৪৩ হাজার ৪৩১ জন। এ আসনে মোট পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, নারী ভোটার ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯৮ টি। এর মধ্যে বালিয়াকান্দি উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭০ টি, কালুখালী উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৫১ টি ও পাংশা উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭৭ টি।এ আসনে মোট ভোট কক্ষের সংখ্যা ১২০৩ টি।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ীর দুই আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মোট ১৩ হাজার ১৪৯ জন ভোটার। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৫ হাজার ৬৩ জন এবং রাজবাড়ী-২ আসনে ৮ হাজার ৮৬ জন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, রাজবাড়ী জেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও র্যাবের সদস্যরা কাজ করছে। প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আশা করছি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা রাজবাড়ীবাসীকে উপহার দিতে পারব।
প্রতিনিধি/এনএম









































































































































































































