নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়া উপজেলার রওশন ইজদানী একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাতিজার হাত ধরে ভোট দিতে এসেছেন শত বছরের অধিক বয়সী মো. মোবারক ভূইয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রওশন ইজদানী একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
বিজ্ঞাপন
মোবারক ভূইয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লব গ্রামের বাসিন্দা। বয়সের ভারে ঠিকমতো সোজা হয়ে হাঁটতে পারেন না তিনি। কানেও তেমন শোনেন না। অনেক কষ্টে সামান্য কথা বলতে পারেন। ভোট কেন্দ্রে এসেছেন ভাতিজা মো. শাকির হোসেনকে সঙ্গে নিয়ে।
জড়ানো কণ্ঠে মোবারক মিয়া বলেন, বয়স হয়েছে ১১০ বছর। আর আরেকটা নির্বাচন মনে হয় আর পাব না। এটাই হয়তো জীবনের শেষ ভোট।
ভাতিজা মো.শাকির হোসেন বলেন, আমার চাচা সারাজীবন বিনা বেতনে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। বয়স একশ বছরের বেশি হয়েছে। ঠিকমতো সোজা হয়ে হাঁটতে পারেন না। কানেও তেমন একটা শোনেন না। কথা বলতেও তার কষ্ট। এবার নিরাপত্তা ব্যবস্থা ভালো দেখে তিনি ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। তাই ধরে ধরে তাকে ভোট কেন্দ্রে নিয়ে এসেছি।
নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনে বিএনপির ধানের শীষে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, জামায়াতে ইসলামীর খাইরুল কবীর নিয়োগী, জাতীয় পার্টির আবুল হোসেন তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেনসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোট দুই লাখ ৮৫ হাজার ২১৬ জন।
প্রতিনিধি/টিবি









































































































































































































