সারাদেশের ন্যায় ফেনীতে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দাগনভুইয়া পৌরসভার আলাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
বিজ্ঞাপন
ভোট প্রয়োগ করে তিনি সাংবাদিকদের সাথে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানান, আমি নির্বাচনি মাঠে আসার পর থেকেই ভোটারদের মাঝে উৎসাহ উচ্ছ্বাস দেখেছি। সেই উচ্ছ্বাসে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে এবং তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন।
জানা যায়, ফেনীর দাগনভুইয়া ও সোনাগাজী উপজেলা, ২টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে ফেনী-৩ আসন গঠিত৷ এখানে মোট ৫ লাখ ৮ হাজার ভোটার রয়েছে। তন্মধ্যে ২ লাখ ৬৩ হাজার পুরুষ, ২ লাখ ৪৪ হাজার নারী ও ২ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৬১টি ভোট কেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে।
আরও পড়ুন
ফেনী-৩ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, বিএনপির আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ), জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (বটগাছ), জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন (হাতপাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের (চেয়ার), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক (মই) ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ (আপেল)।
বিজ্ঞাপন
জেলা রিটার্নিং অফিসের তথ্যমতে, ফেনীর ৩টি আসনে সংসদ সদস্য পদে ১৭ দলের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৪২৮টি কেন্দ্রের মধ্যে ১২৫টি কেন্দ্রকে সাধারণ, ২৪৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ, ৫৩টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, সুন্দর পরিবেশে সাধারণ মানুষের ভোট প্রয়োগে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচনকে কেন্দ্র করে ১৮ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ৫৪টি মোবাইল টিম, পুলিশের ৫টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স, আনসার ১২ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও মাঠে দায়িত্ব পালন করবে, ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ফেনীর ৩টি সংসদীয় আসনের ৪২৮ ভোট কেন্দ্রে ভোট দেবেন ১৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটার। ফেনীতে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন করেছে ৪০ হাজার ৮ জন। আজ সকাল আটটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিনিধি/এসএস









































































































































































































