রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ভিড় এড়াতে দেরিতে আসছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

ভিড় এড়াতে দেরিতে আসছেন ভোটাররা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। সকাল থেকে ছড়িয়ে ছিটিয়ে ভোটারদের উপস্থিতি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে লাইন দীর্ঘতর হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম দিকে অনেক কেন্দ্রেই উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে ১০টা  থেকে ১১টার দিকে ভোটারদের ভিড় বাড়তে থাকে। নারী-পুরুষ উভয় ভোটারকেই লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষায় থাকতে দেখা গেছে।


বিজ্ঞাপন


রাজধানীর মিরপুর, কাজীপাড়া, আগারগাঁওসহ বিভিন্ন এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসছেন। অনেকে পরিবার নিয়ে ভোট দিতে এসেছেন। তরুণ ভোটারদের উপস্থিতিও চোখে পড়েছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই ভিড় এড়াতে সকালে একটু বেলা গড়িয়ে কেন্দ্রে এসেছেন। কেউ কেউ কর্মব্যস্ততার কারণে দেরিতে ভোট দিতে এসেছেন বলেও জানান। তাদের প্রত্যাশা, দিনভর ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

V6


বিজ্ঞাপন


মিরপুর শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, এখানে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৩৩৫ জন। এর মধ্যে সাড়ে ১১টার দিকে ভোট পড়েছে সাড়ে ১৪ শতাংশ। এ ছাড়া সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কেন্দ্রে মোট সাড়ে ১০ শতাংশ ভোট পড়েছে। এখানে ভোটার রয়েছেন মোট ৫ হাজার ১০৭ জন। মনিপুর উচ্চ বিদ্যালয় বালক শাখায় প্রায় ১২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখানে মোট ভোটার রয়েছেন ৬ হাজার ৬২১ জন। বালিকা শাখায় ভোট কাস্ট হয়েছে ১৫ শতাংশ। এখানে মোট ভোটার রয়েছেন ৬ হাজার ১০৩ জন।

V8

মিরপুর শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দিদারুল হায়দার জানিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দিন যত গড়াচ্ছে, কেন্দ্রমুখী মানুষের সংখ্যা ততই বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে শেষ পর্যন্ত সন্তোষজনক ভোটার উপস্থিতি হতে পারে বলে আশা করা হচ্ছে।


এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর