শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বগুড়ায় ভোট কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

বগুড়ায় ভোট কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক
আটককৃত জামায়াত নেতা নাসিরুল ইসলাম

বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটক জামায়াত নেতা নাসিরুল ইসলাম বগুড়া শহরের দুই নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। 

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে গিয়ে জামায়াত নেতা নাসিরুলকে পাওয়া যায়। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 


বিজ্ঞাপন


তারা জানিয়েছেন রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং অফিসার দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজ্জাদুল ইসলাম জানান, ভোট কেন্দ্রে জামায়াতের নেতাকর্মীরা পোলিং এজেন্টের তালিকা জমা দিতে এসেছিলেন। এখবর পেয়ে প্রতিপক্ষের লোকজন ভোটকেন্দ্রের বাহিরে জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন।

প্রতিনিধি/এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর