শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

শার্শায় ২৫ হাজার ভোটের ব্যবধান জামায়াত প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

শার্শায় ২৫ হাজার ভোটের ব্যবধান জামায়াত প্রার্থীর জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজীজুর রহমান। ১০২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট। মাওলানা আজীজুর রহমান ২৫ হাজার ৩৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শার্শা আসনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


বিজ্ঞাপন


এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর মাওলানা আজীজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব বখতিয়ার রহমান এবং জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল। ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক। প্রশাসনের কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয় এবং রাতে ১০২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী ঘোষণার পর জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর