শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভোটের দিন মানবিক উদ্যোগ, ভোটার ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি রিকশা সেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

ভোটের দিন মানবিক উদ্যোগ, ভোটার ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি রিকশা সেবা
ভোটের দিন মানবিক উদ্যোগ, ভোটার ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি রিকশা সেবা। ছবি: ঢাকা মেইল

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে দেখা গেছে। অনেক ভোটার জানিয়েছেন, আগের কয়েকটি নির্বাচনে নানা কারণে তারা ঠিকভাবে ভোট দিতে পারেননি। তাই এবারের ভোট নিয়ে আগ্রহ ও প্রত্যাশা দুটোই বেশি।

ভোটারদের কেন্দ্রে যাতায়াত সহজ করতে কয়েকজন প্রার্থীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। বিভিন্ন এলাকায় চালু হয়েছে ফ্রি রিকশা ও অটোরিকশা সেবা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-৫ আসনের একাধিক কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে।


বিজ্ঞাপন


সরেজমিনে মাতুয়াইলের সালাউদ্দিন হাই স্কুল, সামসুল হক খান কলেজ, ডগাইর মাদ্রাসা, সিদ্দিক-ই-আকবর স্কুল ও রুস্তম আলী হাই স্কুল কেন্দ্রে ভোটারদের আনা–নেওয়ায় অটোরিকশা সেবা দিতে দেখা যায়। স্বেচ্ছাসেবীরা বাড়ির কাছ থেকে ভোটারদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন, ভোট শেষে ফিরিয়েও দিচ্ছেন।

বিশেষভাবে নজরে এসেছে প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের সহায়তার বিষয়টি। চলাফেরায় অক্ষম ভোটারদের জন্য আলাদা সহায়তা দিতে দেখা গেছে। কোথাও হুইলচেয়ারের ব্যবস্থা, কোথাও স্বেচ্ছাসেবীদের কাঁধে ভর দিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন ভোটাররা।

আকলিমা বলেন, ‘আমার বৃদ্ধ শ্বশুর ঠিকমতো হাঁটতে পারেন না। কীভাবে ভোট দিতে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এই সেবায় সহজ হয়েছে।’


বিজ্ঞাপন


একজন শারীরিক প্রতিবন্ধী ভোটার জানান, কেন্দ্রে আসা নিয়ে শঙ্কা ছিল। ফ্রি অটো সার্ভিস আর স্বেচ্ছাসেবীদের সহায়তায় নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।
আরেক ভোটারের ভাষ্য, আজ রাস্তায় গাড়ি কম। এই উদ্যোগ আমাদের জন্য সত্যিই সহায়ক।

জানা গেছে, বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী কামাল হোসেনের সৌজন্যে এসব সেবা পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এমন মানবিক আয়োজন দিনটিকে আরও অর্থবহ করে তুলেছে বলে মনে করছেন অনেকেই। নির্বাচন পর্যবেক্ষকদের মতে, স্বতঃস্ফূর্ত ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ভোটের প্রধান ভিত্তি।

এমআর/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর