ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, ‘অনেক আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে এই দিনটির সূচনা হয়েছে। এই নির্বাচনের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণভাবে দেশের মানুষের জীবনমান, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।’
নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে এমন আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে এই নির্বাচন একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”
সকাল সাড়ে সাতটায় সারাদেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ভোটের এই উৎসবে সামিল হতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান।
বিজ্ঞাপন
অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে।
এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত। এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
প্রতিনিধি/এমআর









































































































































































































