রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে।

এবিষয়ে বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী অফিসার মাসতুরা আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এছাড়া, এ আসনের পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে ভ্যান ভাড়া দেওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়। এসময় এক জামায়াত কর্মীকে ধাওয়া করেন বিএনপির নেতাকর্মীরা। ওই কর্মী জানান, তিনি ভ্যানচালককে ভাড়া দিচ্ছিলেন। মব সৃষ্টি করে তাকে হেনস্থার চেষ্টা করা হচ্ছিল।
বিজ্ঞাপন
এদিকে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষের প্রতীকসহ ভোটার স্লিপ বিতরণের অভিযোগ পাওয়া যায়। সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় কয়েকজন জানান। এ সময় অন্য দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা শুরু হয়। তবে বিষয়টি জানতে পেরে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। পৌনে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত জানান, এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই।
প্রতিনিধি/টিবি









































































































































































































