বরিশাল জেলার ছয়টি আসনে দুপুর ১২টা পর্যন্ত ৩১ থেকে ৩৮ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম সুমন।
তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ভোটার উপস্থিতিও খুবই ভালো।
বিজ্ঞাপন
এর আগে, সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট গ্রহণ হয়েছিল।
এদিকে বরিশাল-৫ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অধিকাংশ কেন্দ্রে এজেন্ট পাওয়া গেছে শুধু ধানের শীষ ও হাতপাখা প্রতীকের প্রার্থীদের। অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
সকাল ৮টায় বরিশাল নগরীর রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। একই সময়ে নগরীর বগুড়া রোড এসসিজিএম স্কুল কেন্দ্রে ভোট দেন বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।
নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল কেন্দ্র পরিদর্শনে এসে বরিশাল মহানগর উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, কোথাও কোনো অঘটন ঘটার সুযোগ নেই। কোনো সংবাদ পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। স্বস্তির পরিবেশ রক্ষা করতে তফশিল ঘোষণার পর থেকেই পুলিশ কাজ করছে।
বিজ্ঞাপন
সকাল সাড়ে সাতটার দিকে বরিশাল সিটি করপোরেশন এলাকার চৈতন্য স্কুল ভোটকেন্দ্রে সরেজমিনে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, কোনো লাইন বা ভিড় ছিল না। কেন্দ্রে আসা অনেকেই ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কিছু ভোটার উৎসবমুখর পরিবেশ না পাওয়ার কথা জানিয়েছেন।
এদিকে, বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার নগরীর সাদুর বটতলা সৈয়দুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
এসময় সরোয়ার বলেন, গণমাধ্যমে যা দেখলাম, এখন পর্যন্ত পরিবেশ ভালো। রাস্তাঘাটে, ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ পরিবেশ বিরাজ করছে, বাকিটা আরও পরে বোঝা যাবে। সহিংসতার খবর পাইনি। জয়ের ব্যাপারে তিনি বলেন, আমি দীর্ঘ বছর সমাজসেবামূলক কার্যক্রম করেছি তাই বলতেই পারি জনগণ আমাকে ভুলবেনা।
এর আগে, সকাল নয়টা দিকে নগরী চৈতন্য স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, বেশকিছু কেন্দ্রে পেশিশক্তির মহড়া দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গা এজেন্টরা কেন্দ্রে না যায় এজন্য হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা আমরা দেখতে পেরেছি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোঝা যাবে পেশিশক্তির প্রভাব আরও বাড়ে কিনা। আমাদের জনসমর্থনের কারণে তাদের গাত্রদাহ হচ্ছে।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন, জেলার সবকটি কেন্দ্রে খুবই সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীদের কাছ থেকে হাতেগোনা কয়েকটি অভিযোগ পেয়েছিলাম, যা তদন্ত শেষে সত্য না বলে প্রমাণিত হয়েছে।
প্রতিনিধি/এজে









































































































































































































