বরগুনার তালতলী উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আলী আহম্মদ ফরাজী নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ফরাজী ওই উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে এ ঘটনা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ১৮০ নং কাজির খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে ফিরছিলেন ফরাজী; এ সময় পাজরাভাঙ্গা নামক এলাকায় তিনি এলে হামলার শিকার হন।
বিজ্ঞাপন
পরে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে ফরাজীর ওপর হামলা চালায়; গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলী আহম্মদ ফরাজীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তালতলী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দু’পক্ষের পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এছাড়াও দু’পক্ষের বিরুদ্ধেই মামলা আছে। এ ঘটনায় ভোট সংশ্লিষ্ট বা রাজনৈতিক কোনো বিষয় নেই।
প্রতিনিধি/ এজে









































































































































































































