বিপুল পরিমাণ অর্থসহ জামায়াত নেতার আটকের ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে।।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন জামায়াতের এই নেতা। বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ অন্তত ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন তখন একটি নাটক সাজানো হয়েছে। এটা সম্পূর্ণ নাটক। জামায়াত নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ও নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে।
‘ব্যবসার কাজে তিনি টাকা নিতেই পারেন। এতে কোনো আইনগত বাধা নেই। যে পুলিশ অফিসার এটি করেছেন তার ফ্যাসিস্ট সংশ্লিষ্টতা আছে। কিছু টাকা পেয়েই একজন লোকের ও দলের মর্যাদাকে ক্ষুন্ন করতে অপপ্রয়াস চালানো হচ্ছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এসময় মিথ্যা তথ্যের ভিত্তিতে এমন মর্যাদাহানি আশা করি না।’ বলেন জুবায়ের।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের পরিবেশে বারবার বাধা তৈরি করা হচ্ছে। সিলেটে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। ঢাকা-১৫ আসনে গত রাতে জামায়াতের নির্বাচনি ক্যাম্প ধ্বংস করা হয়েছে। বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্য কিছু কেন্দ্রে বডি ক্যামেরা কম, আবার কিছু কেন্দ্রে বেশি দেওয়া হয়েছে।
জামায়াতের এ নেতা বলেন, কোনো অবস্থাতেই ঠাকুরগাঁওতে আমাদের নেতাকে আটকে রাখার কোনো অধিকার নেই। আমরা ইসির কাছে জবাব চেয়েছি। তাকে তো ঢাকা এয়ারপোর্ট থেকেই যেতে দেওয়া হয়েছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো। প্রতিটা ভোটকেন্দ্রে গণপ্রতিরোধ হবে। কেউ পার পাবে না। কোনো অবস্থায় মাঠ ছাড়বো না।
এমএইচএইচ/ক.ম






























































































































































































































