এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকার ২০টি আসনের মধ্যে আলোচিত আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা-৯ এবং ঢাকা-১৩। এরমধ্যে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র লড়ছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। অন্যদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজের বিপরীতে লড়ছেন ১১দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। অথচ, আলোচিত প্রার্থী তাসমিন জারা ও ববি হাজ্জাজ নিজ নিজ আসনে ভোট দিতে পারবেন না। কারণ দুজনই ভিন্ন আসনের ভোটার হিসেবে নিবন্ধিত। এমন পরিস্থিতিতে দুই আসনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিজ আসনের ভোটার না হওয়ায় প্রার্থীরাও কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, প্রার্থী তাসনিম জারা ঢাকা-৯ আসনের ভোটারই নন। একইভাবে ঢাকা-১৩ আসনেরও ভোট নন সংশ্লিষ্ট আসনের প্রার্থী ববি হাজ্জাজ। তাই এই প্রার্থীরা নিজকে ভোট দিতে পারবেন না। ভিন্ন আসনে গিয়ে তারা অন্যকে ভোট দিতে হবে।
বিজ্ঞাপন
তাসমিন জারা ভোট দেবেন ঢাকা-১১ আসনে
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন ঢাকা-১১ আসনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ঢাকা-১১ আসনের ভোটার স্লিপ অ্যাপসে দেখা যায়, তার ভোটকেন্দ্র নম্বর ৮০। কেন্দ্রটির নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (নিচতলা ও দ্বিতীয় তলা), যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের খিলগাঁও বি জোন পূর্ব এলাকায় অবস্থিত। ফলে আইন অনুযায়ী তাকে সেখানেই ভোট দিতে হবে।
যদিও নির্বাচনি প্রচারণায় তাসমিন জারা নিজেকে ঢাকা-৯ আসনের ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এলাকার মেয়ে হিসেবে সবার কাছে ভোট চেয়েছেন প্রচারণার সময়।
আরও পড়ুন:
ঢাকা-৯ আসনে ভোটযুদ্ধে ত্রিমুখী সমীকরণ
জানা গেছে, বর্তমানে তিনি পরীবাগে বসবাস করছেন। এর আগে গুলশানে থাকতেন।
বুধবার কোন কেন্দ্রে ভোট দেবেন জানতে তাসনিম জারাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
তার নির্বাচনি টিমের এক সদস্যের সঙ্গেও যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড এবং মুগদা, সবুজবাগ ও খিলগাঁও থানা নিয়ে গঠিত হয়েছে ঢাকা-৯ আসন।
ববি হাজ্জাজ ভোট দেবেন ১৭ আসনে
এদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র তার ভোটকেন্দ্র এবং তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২।
ফলে ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাকেও নিজ নিবন্ধিত কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নির্বাচনি আইন অনুযায়ী, একজন প্রার্থী যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় নিজের ভোটার তালিকাভুক্ত কেন্দ্রে।
আরও পড়ুন:
ঢাকা-১৩: দুই তারকা প্রার্থীর লড়াই
বিষয়টি নিয়ে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী, শেরে বাংলা নগর ও মোহাম্মদপুর এলাকার ভোটারদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
কয়েকজন ভোটার বলেন, প্রার্থী যে আসনে নির্বাচন করছেন, সেই আসনের ভোটার হলে এলাকার সঙ্গে সম্পৃক্ততা আরও দৃঢ় হয়।
এ বিষয়ে জানতে চাইলে ববি হাজ্জাজ ঢাকা মেইলকে বলেন, ‘কোথায় ভোট দেব, তা দেখে নিতে হবে।’
তবে তিনি নিজের ভোটার এলাকা নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি।
বিইউ/এএস/এএম






























































































































































































































