রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

নাতির কোলে চড়ে ছেলেকে ভোট দিলেন শতবর্ষী দাদি

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

নাতির কোলে চড়ে ছেলেকে ভোট দিলেন শতবর্ষী দাদি
নাতির কোলে চড়ে ছেলেকে ভোট দিলেন শতবর্ষী দাদি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে সকাল থেকেই ছিল ভোটারদের ভিড়। কিন্তু সবার নজর কাড়েন শতবর্ষী নারী সূর্যবানু। বয়স তার ১১০ বছর। নাতি সুলাইমানের কোলে উঠে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। মুখে ছিল বয়সের ছাপ, কিন্তু চোখেমুখে ছিল অন্যরকম উজ্জ্বলতা।

সূর্যবানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ছেলের নির্বাচনে অংশ নেওয়া তার জন্য শুধু রাজনৈতিক ঘটনা নয়, যেন জীবনের এক বিশেষ অধ্যায়। তাই বয়স ও শারীরিক দুর্বলতাকে তোয়াক্কা না করে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার আগেই তিনি কেন্দ্রে হাজির হন।


বিজ্ঞাপন


কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। নাতির কোল থেকে নেমে ভোট প্রদান শেষে বেরিয়ে এসে তিনি ছেলের জন্য দোয়া করেন।

নিজের ছেলেকে ভোট দিয়ে বয়সের ভারে জড়িয়ে যাওয়া কণ্ঠে সূর্য বানু বলেন,  আল্লাহ যেন আমার ছেলেকে ভালো রাখে। দেশের মানুষের জন্য কাজ করতে পারে।

প্রার্থীর মা সূর্যবানুর উপস্থিতি কেন্দ্রে অন্যরকম আবহ তৈরি করে। অনেকেই এগিয়ে এসে সালাম জানান, খোঁজখবর নেন। তরুণ ভোটাররা তাকিয়ে থাকেন শতবর্ষী এই ভোটারের দিকে।

লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তরুণ ভোটার সুখপ্রীতা হেরা বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে পেরে নিজেকে দায়িত্ববান মনে করছি।

স্থানীয় বাসিন্দা ও ভোটার আকরাম হোসেন বলেন, এত বয়স্ক ভোটার খুব কমই দেখা যায়। সূর্যবানুর মতো একজন প্রবীণ নারী ভোট দিতে এসে সবার মাঝে অনুপ্রেরণা জুগিয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর