কাতারের লুসাইল স্টেডিয়ামের বিশালাকার গম্বুজের নিচে, যেখানে ২০২২ সালে লিওনেল মেসি বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে ধরেছিলেন, সেখানেই আবারও একটি ঐতিহাসিক যুদ্ধের মঞ্চ সাজানো হয়েছিল। আর্জেন্টিনা বনাম স্পেন। কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে 'লা ফিনালিসিমা' ২০২৬। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এখন মিসাইলের ধোয়া আর বিস্ফোরণের গর্জন। ইরান-ইজরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত কাতারকে কেন্দ্র করে এমন ঝড় তুলেছে যে, এই ম্যাচের ভবিষ্যত এখন এক অন্ধকারাচ্ছন্ন অনিশ্চয়তায় ঘেরা। ফুটবলপ্রেমীরা অপেক্ষায়, কিন্তু যুদ্ধের ছায়া কি এই মহাকাব্যিক দ্বৈরথকে ছিনিয়ে নেবে?
২০২৪ সালের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এই ম্যাচটি নির্ধারিত ছিল ২০২৬ সালের ২৭ মার্চ, লুসাইল স্টেডিয়ামে। স্থানীয় সময় ৯টা। এটি কেবল একটি ম্যাচ নয়, দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই– যেখানে মেসির অভিজ্ঞতা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের গতির সঙ্গে মুখোমুখি হতো। ফিফা এবং উয়েফা-কনমেবোলের যৌথ ঘোষণায় ম্যাচটি কনফার্ম হয়েছিল ডিসেম্বর ২০২৫-এ, এবং টিকিটগুলো মাত্র দু'ঘণ্টায় সোল্ড আউট।
বিজ্ঞাপন

কিন্তু এই উত্তেজনাপূর্ণ মুহূর্তটি এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। ইউরোপিয়ান গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনই বলছে, ম্যাচটি বাতিল হওয়ার ঝুঁকিতে। ইরানের কাতারে যুক্তরাষ্ট্রের বেসে হামলা সবকিছুকে প্রভাবিত করছে, বলছেন ফিফাসহ নানা ক্রিয়া বিশ্লেষকরা ।
এ নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন সম্প্রতি স্বাক্ষরিত পারস্পরিক চুক্তিটি নতুন করে মূল্যায়ন করছে। কয়েক দিন আগে সম্পাদিত এই সমঝোতা নিয়ে তারা এখন পর্যালোচনায় বসেছে এবং সংশ্লিষ্ট বিমা সংস্থাগুলোর পরামর্শের অপেক্ষায় রয়েছে।
দুই পক্ষের মতে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। তবে পরিস্থিতি বিবেচনায় রেখে সম্ভাব্য বিকল্প উপায় নিয়েও আলোচনা চলছে। কাতারে ম্যাচ আয়োজনের চুক্তিটি আর্থিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হলেও নিরাপত্তা ইস্যুকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, এমনটাই উল্লেখ করেছে এএস।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের এই সংঘাত যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের ইরানের উপর হামলা, এবং ইরানের পাল্টা আক্রমণ- কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলস্বরূপ, দোহা এবং দুবাইয়ের বিমানবন্দর বন্ধ, ফ্লাইট ক্যান্সেল, এবং স্পোর্টস ইভেন্টগুলোতে বিশৃঙ্খলা। ফর্মুলা ওয়ানের দলগুলোকে তাদের ভ্রমণপথ পরিবর্তন করতে হয়েছে, টেনিস তারকারা আটকে পড়েছেন, এবং কাতারে ফুটবল ম্যাচ পোস্টপোনড হয়েছে।
এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্পেনের ফেডারেশন এখনও নীরব, কিন্তু এক্সে (পূর্ববর্তী টুইটার) আলোচনা তুঙ্গে। একটি পোস্টে বলা হয়েছে, 'ফিনালিসিমা ক্যান্সেল হওয়ার ঝুঁকিতে, কারণ কাতারে ইরানের হামলা সবকিছুকে প্রভাবিত করছে।' ফিফা পরিস্থিতি মনিটর করছে, কিন্তু যদি সংঘাত না থামে, ম্যাচটি স্থানান্তরিত বা বাতিল হতে পারে।
এসটি

















































































































































































































































