ইরানে ২৪টি প্রদেশের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটির একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ।
বিজ্ঞাপন
মুখপাত্র আরও জানিয়েছেন, ২২০ টিরও বেশি রেড ক্রিসেন্ট দল হামলায় ক্ষতিগ্রস্ত স্থানে উপস্থিত রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের বরাতে ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, ‘মিনাবের বালিকা বিদ্যালয়ে শহীদের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে’।
এদিকে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স নিউজের খবরে বলা হয়েছে, নিহতদের সকলের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।
বিজ্ঞাপন
মিনাবের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, শনিবার সকালে শাজারে তাইয়্যেবা নামে মেয়েদের প্রাথমিক স্কুলে সরাসরি বিমান হামলা চালায় ইসরায়েল।
তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, বহু শিক্ষার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর













































































































































































































