বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইরান। এবার তুরস্কেও ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি তুরস্কের ভূখণ্ডে  পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি ধ্বংস করেছে বলে জানা গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। তবে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে এবং ভূপাতিত করে।’


বিজ্ঞাপন


মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূপাতিত ক্ষেপণাস্ত্রটি ভূমধ্যসাগরের কাছে তুর্কিয়ের ডর্টিওল জেলার উপর দিয়ে পড়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে তুরস্কের বিরুদ্ধে যেকোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার আমাদের আছে।’

এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোন করে উদ্বেগ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 

টেলিফোনে আব্বাস আরাঘচিকে তিনি বলেছেন, ‘সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন যেকোনও পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’ যদিও ইরানে পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


অন্যদিকে তুরস্কের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ইরানকে কড়া হুঁশিয়ারি নিন্দা জানিয়েছেন ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট। 

তিনি বলেন, ‘ইরান যখন এই অঞ্চল জুড়ে নির্বিচারে আক্রমণ চালিয়ে যাচ্ছে, তখন তুরস্কসহ সকল মিত্রের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে  ন্যাটো। আমাদের প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা প্রস্তুতি সকল ক্ষেত্রেই শক্তিশালী রয়েছে, যার মধ্যে বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়টিও রয়েছে।’


সূত্র: আলজাজিরা 

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর