লেবাননে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত কৌশলগত অঞ্চল দখলের লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) স্থলভাগে অগ্রসর হওয়ার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সেখানে কাৎজে বলেছেন, তিনি এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ওপর গুলিবর্ষণ রোধ করার জন্য, লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং অগ্রসর হওয়ার জন্য আইডিএফকে অনুমোদন দিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আইডিএফ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের আক্রমণের জন্য চরম মূল্য দিচ্ছে এবং দিতে থাকবে।’
কাৎজে আরও বলেন, ‘ইসরায়েল সীমান্তে বসবাসকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা গ্যালিলির সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করব।’
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই গতকাল ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় দখলদার দেশ ইসরায়েল। হামলায় লেবাননের ৩১ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪৯ জন।
বিজ্ঞাপন
পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান এয়াল জামির এক বৈঠকে বলেন, হিজবুল্লাহর রকেট হামলার পর এই অভিযান শুরু করা হয়েছে। এবার স্থল অভিযান চালানোর সিদ্ধান্তের কথা জানাল ইসরায়েল।
এমআর
































































































































