ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস লক্ষ্য করে কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যেখানে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে হাজার হাজার ব্রিটিশ সৈন্য অবস্থান করছে।
রোববার (০১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেলি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা মনে করি না যে এগুলো সরাসরি সাইপ্রাসের অবস্থিত আমাদের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বুঝিয়ে দিচ্ছে, ইরানি শাসনব্যবস্থা অঞ্চলজুড়ে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে এবং সেখান থেকে একটি বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে—যা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।’
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ইরান এখন ক্রমবর্ধমান নির্বিচারে এবং ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে, শনিবার বাহরাইনের একটি ঘাঁটিতে প্রায় ৩০০ ব্রিটিশ সেনার "কয়েকশ গজের" মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো আঘাত হানে।
এরআগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছিলেন, শনবার সকাল থেকেই প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আকাশে ছিল, যা রোববারও অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জন হেলি বলেন, ব্রিটিশ যুদ্ধবিমানগুলো অসংখ্য ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে, যা কাতারের মতো অঞ্চলে ব্রিটিশ ঘাঁটি এবং মিত্রদের জন্য হুমকি ছিল। কিন্তু যুক্তরাজ্য দিয়েগো গার্সিয়ার মতো ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর অনুমতি দিয়েছে কি না তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান তিনি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এরআগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
সূত্র: ডেইলি সাবাহ
এমএইচআর








































































































































































































