মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছে আঙ্কারা। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে ইরানি ওই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ পড়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


বিজ্ঞাপন


এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, ‘তুরস্ক সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে আমরা আবারও জোর দিয়ে বলছি, আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনও হুমকির বিরুদ্ধে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং কোনও দ্বিধা ছাড়াই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’

বিবৃতি আরও বলা হয়, ‘আমরা পুনরায় বলছি, এ বিষয়ে তুরস্কের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া সবার জন্যই মঙ্গলজনক হবে।’

পৃথক বিবৃতিতে ন্যাটোর একজন মুখপাত্র তুরস্কের দিকে অগ্রসর হওয়া ক্ষেপণাস্ত্রটি আটকানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এক এক্স বার্তায় ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, ‘ন্যাটো আবারও তুরস্কের দিকে অগ্রসরমান একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে, যেকোনো হুমকির বিরুদ্ধে সকল মিত্রকে রক্ষা করার জন্য ন্যাটো তার প্রস্তুতিতে দৃঢ়। 


বিজ্ঞাপন


এরআগে গত বুধবারও ইরানের একটি  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানায় তুরস্ক। সেই ক্ষেপণাস্ত্রটিও তুরস্কের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ভূপাতিত করে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।  

এদিকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। 

সোমবার এক প্রেস ব্রিফিং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের দিকে ইরানের হামলার খবরের প্রতিক্রিয়া বলেন, ‘ইরানি ভূখণ্ড থেকে এই দেশগুলোর দিকে কোনও আক্রমণ চালানো হয়নি।’

যুক্তরাষ্ট্র- ইসরায়েল এসব হামলা চালিয়েছে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “হামলাগুলো ‘পরিকল্পিত’ হতে পারে, আমরা বারবার সতর্ক করে দিয়েছি যে শত্রুরা ইরান এবং অনান্য বন্ধু দেশের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কিছু হামলার কাহিনি সাজিয়ে থাকতে পারে।’

অন্যদিকে ইরানের হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা ত্যাগ করার জন্য নিজ নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির আদানায় অবস্থিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটির কাছাকাছি মার্কিন কনস্যুলেট থেকে সব কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু


এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর