সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

ইরান যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ এএম

শেয়ার করুন:

ইরানে যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে, জানালেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযানের সময়সীমা নিয়ে ট্রাম্প বলেন, ‘এটি সব সময়ই চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা হিসাব করে দেখেছি, এটি চার সপ্তাহের মতোই সময় নেবে।’


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘দেশটি শক্তিশালী ও বড় হলেও চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।’

আলোচনার পথ খোলা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনো আলোচনার পক্ষে। তবে তা দ্রুতই শুরু হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) কথা বলতে চায়। কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সূত্রপাত হয়। ইরানকে পরমাণু গবেষণা এবং কর্মসূচি বন্ধ করতে বার বার সতর্ক করে যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করেনি ইরান। ইরানের অনমনীয় মনোভাবে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক নিষেধাজ্ঞা জারি করেন।


বিজ্ঞাপন


দুই দেশের এমন টানাপোড়েন রোধে বেশ কয়েকবার বৈঠকও হয়। কিন্তু কোনো সমাধানসূত্র বের হয়নি। সম্প্রতি সুইজারল্যান্ডেও বৈঠকে বসেছিল দেশ দুটি। সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। তারপরই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তা হলে এর ফল ভুগতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই গত শনিবার ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়া নিহত হন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

দুই দেশের হামলার জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। এছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়ছে ইরান। এতে অনেক হতাহতের খবর পাওয়া গেছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর