ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের বরাতে ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, ‘মিনাবের বালিকা বিদ্যালয়ে শহীদের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে’।
বিজ্ঞাপন
এদিকে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স নিউজের খবরে বলা হয়েছে, নিহতদের সকলের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে।
মিনাবের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর জানিয়েছেন, শনিবার সকালে শাজারে তাইয়্যেবা নামে মেয়েদের প্রাথমিক স্কুলে সরাসরি বিমান হামলা চালায় ইসরায়েল।
তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, বহু শিক্ষার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শাজারে তাইয়্যেবা স্কুলের একজন কর্মী মিডল ইস্ট আইকে বলেন, হামলার তীব্রতায় তিনি এখনও হতবাক।
বিজ্ঞাপন
কাঁদতে কাঁদতে তিনি জানান, ‘তিনি প্রতিদিন স্কুলে ছোট মেয়েদের খেলা দেখতেন। তবে আজকের হামলার পর তাদের মৃতদেহ শ্রেণীকক্ষের বেঞ্চে এবং স্কুলের বিভিন্ন কোণে পড়ে থাকতে দেখেছেন।’
এদিকে ছোট শিশুদের ওপর ইসরায়েলের এই ধরনের ভয়াবহ হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শনিবার সন্ধ্যায় এক এক্স বার্তায় আরাঘচি বলেছেন, ‘মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্য দিবালোকে বোমা হামলা চালানো হয়েছিল, যখন ছোট ছোট শিক্ষার্থীরা সেখানে পড়ছিল। শুধুমাত্র এই স্থানেই কয়েক ডজন নিরীহ শিশুকে হত্যা করা হয়েছে। ইরানি জনগণের বিরুদ্ধে এই অপরাধের কঠিন জবাব দেওয়া হবে।’
এরআগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
সূত্র: মিডল ইস্ট আই
এমএইচআর

















































































































































































































































