শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এবার বাহরাইন-কাতারে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

এবার বাহরাইন-কাতারে হামলা চালিয়েছে ইরান

তেহরানসহ কয়েকটি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেন বাহরাইন ও কাতারে মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই মানামাতেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশজুড়ে এই নৌবহর কাজ করে।


বিজ্ঞাপন


রাষ্ট্রায়ত্ত্ব বাহরাইন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (৫ম ফ্লিট) সার্ভিস সেন্টার ‘ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে’। তবে এই হামলা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে শান্ত থাকার ও নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, ‘পূর্ব-অনুমোদিত নিরাপত্তা পরিকল্পনা অনুসারে হুমকি শনাক্ত হওয়ার সাথে সাথেই মোকাবেলা করা হয়েছিল এবং কাতারি ভূখণ্ডে পৌঁছানোর আগেই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছিল’।


বিজ্ঞাপন


তবে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান থেকে ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা বলার কিছুক্ষণ পরেই রাজধানী দোহায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইতোমধ্যেই কাতার এবং বাহরাইনের মার্কিন দূতাবাসগুলো তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। একইসঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ওই দেশগুলোতে বসবাসকারী আমেরিকান নাগরিকদেরও একই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই দূতাবাসগুলো দুটি পৃথক বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আমেরিকান নাগরিককেও একই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

মূলত, মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি— কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালায় তেহরান।  গত বছরের জুনেও মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

প্রসঙ্গত, ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল— যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা চালানোর হবে। এরপরই সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতে ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যেই মধ্যপ্রচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে বেশ কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর