বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

দুবাই বিমানবন্দর বন্ধ, বিশ্বব্যাপী ফ্লাইট বিপর্যয়ের শঙ্কা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

দুবাই বিমানবন্দর বন্ধ, বিশ্বব্যাপী ফ্লাইট বিপর্যয়ের শঙ্কা 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট উত্তেজনায় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএক্সবি) সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম বিমানবন্দরের সকল কার্যক্রমও বন্ধ রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল-আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।


বিজ্ঞাপন


যাত্রীসাধারণকে এই মুহূর্তে বিমানবন্দরে না যেতে এবং ফ্লাইটের বিষয়ে হালনাগাদ তথ্য পেতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ আকাশপথের কেন্দ্র হিসেবে পরিচিত, যেখান থেকে বিশ্বের ৬টি মহাদেশের ২৬০টিরও বেশি গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। এছাড়াও ভৌগোলিক অবস্থানের কারণে এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ট্রানজিট হাব হিসেবে কাজ করে। প্রতিদিন এই বিমানবন্দরে গড়ে ১১০০ থেকে ১৩০০টি ফ্লাইট যাতায়াত করে। 

বিশ্লেষকদের মতে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের ফলে শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বব্যাপী ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। কারণ এখন ফ্লাইটগুলোকে বন্ধ আকাশসীমা এড়িয়ে চলতে হবে, যা ভ্রমণের সময় এবং জ্বালানি খরচ বহুগুণ বাড়িয়ে দিবে। যার ফলে ইতোমধ্যেই হাজার হাজার ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলো। 

এরআগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর জেরে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিরিয়াসহ বিভিন্ন দেশ নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যজুড়ে সব ফ্লাইট বাতিল করেছে। 


বিজ্ঞাপন


এদিকে বাংলাদেশ থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরও বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে।

এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে।

সূত্র: সিএনএন, আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর