শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিতে কমপক্ষে ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধজাহাজটিতে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন থেকে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল’।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘জাহাজটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে’।
এদিকে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, পূর্ব ভারতের একটি বন্দর থেকে ইরানের দিকে যাত্রা করা ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ হামলায় কমপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে অনুসন্ধান চলছে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মহড়া সংক্রান্ত ওয়েবসাইটের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানি জাহাজটি গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ভারতের বার্ষিক নৌ মহড়ায় ‘মিলান ২০২৬’-এ অংশ নিয়েছিল এবং মহড়া শেষে ইরানের দিকে ফিরে যাচ্ছিল।
বিজ্ঞাপন
এরআগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আজ ভোরের দিকে ইরানি নৌ বাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পায় দেশটির নৌবাহিনী। পরে সকাল ৬টার দিকে জাহাজটি উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়।
হেরাথ আরও জানান, ইতোমধ্যেই জাহাজটি থেকে আহত ৩২ জনকে উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গ্যালের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬১ জন এখনো নিখোঁজ রয়েছেন।
প্রসঙ্গত, গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ওই অঞ্চলের বাইরে ইরানি সামরিক বাহিনীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এটিই প্রথম হামলা।
সূত্র: রয়টার্স
এমএইচআর








































































































































































































