মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহত ও আহত শ্রমিকদের অর্থ সহায়তার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহত ও আহত শ্রমিকদের অর্থ সহায়তার ঘোষণা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সেই সঙ্গে দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের অর্থ সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি।

রোববার (৫ জুন) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে যেসব শ্রমিক আহত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।


বিজ্ঞাপন


শোকবার্তায় শ্রম প্রতিমন্ত্রী স্মরণকালের এই ভয়াবহ দুর্ঘটনায় যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দুই লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় আরও সহায়তার প্রয়োজন হলে তাও দেওয়া হবে বলেও জানিয়েছেন।

এর আগে পৃথক এক বিবৃতিতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

অন্যদিকে, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের চট্টগ্রামের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবারাত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। পাশাপাশি বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপমহাপরিদর্শক নিহত এবং আহত শ্রমিকদের তথ্য সংগ্রহের জন্য ১৩ সদস্যের আরও একটি কমিটি গঠন করেছেন।

এছাড়া ভয়াবহ এই দুর্ঘটনায় সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে বিভাগীয় শ্রম দফতর চট্টগ্রামের পরিচালক এস এম এনামুল হক তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করেছেন।


বিজ্ঞাপন


টিএ/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর