মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

কর ফাঁকি বন্ধে বাধ্যতামূলক  হচ্ছে রিটার্ন দাখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

কর ফাঁকি বন্ধে বাধ্যতামূলক  হচ্ছে রিটার্ন দাখিল
কর ফাঁকি বন্ধে বাধ্যতামূলক  হচ্ছে রিটার্ন দাখিল

এবারের বাজেটে আয়ধারী সবাইকে করের আওতায় আনার জন্য টিনধারীর সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য ঠিক করা হয়েছে। একইসঙ্গে টিনধারী সবার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


অর্থমন্ত্রী বলেন, টিনধারীর সংখ্যা এক কোটিতে উন্নীত ও রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের দেশে মধ্যবিত্ত বা তদূর্ধ্ব শ্রেণির জনসংখ্যা প্রায় চার কোটির মতো, যার অধিকাংশই আয়কর প্রদান করছে না। কর ফাঁকিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ করযোগ্য আয়ধারী সবাইকে কর-জালের ( টেক্স-নেট) আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

টিনধারীর সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিগত চার বছরে প্রতিবছর গড়ে ১০ লাখেরও বেশি হারে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের এপ্রিল নাগাদ এ সংখ্যাটি ৭৫.১০ লাখে উন্নীত করতে সক্ষম হয়েছি। পাশাপাশি ২০২২ সালের মার্চে কর প্রদানকারীর সংখ্যা বেড়ে ২৯ লাখে দাঁড়িয়েছে। কর দাখিল সহজ করার লক্ষ্যে আমরা কাজ করছি। এটি হবে সহজবোধ্য এবং ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য এক পাতায়। এছাড়া কিছু ক্ষেত্র ছাড়া সবার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে।
 
২০২২-২০২৩ অর্থবছরে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে।

এবারের বাজেট মোট জিডিপির ১৫ দশমিক ৪ শতাংশ। আগামী অর্থবছরের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চার লাখ ৩৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ দশমিক ৮ শতাংশ। এটি চলতি অর্থবছরের তুলনায় ৪৪ হাজার কোটি টাকা বেশি। এ হিসাবে নতুন অর্থবছরে বাজেট ঘাটতি দাঁড়াবে দুই লাখ ৪৪ হাজার কোটি টাকার কম-বেশি। যা মোট জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ।


বিজ্ঞাপন


বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশের অভ্যন্তর থেকে এক লাখ ২৮ হাজার ৩৪১ কোটি টাকা এবং বিদেশ থেকে ঋণ নেবে এক লাখ ১৬ হাজার ৫২৩ কোটি টাকা। অভ্যন্তরের উৎস হিসেবে ব্যাংক ঋণ নেওয়া হবে ৯৩ হাজার ৮৮৯ কোটি টাকা। বাকিটা আসবে সঞ্চয়পত্র থেকে। এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সেই সঙ্গে নতুন করে আরও ১১ লাখ মানুষকে সামাজিক সুরক্ষায় আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।

বিইউ/ একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর