ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর চেষ্টা নস্যাৎ করে আবারও এগিয়ে গেছে বেলজিয়াম। দুর্দান্ত এক ফ্রি–কিক গোলে ৩১ মিনিটে যুক্তরাষ্ট্রকে সমতায় ফিরিয়েছিলেন মালিক টিলম্যান। কিন্তু ৩৩ মিনিটে বেলজিয়ামের হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান ২–১ করেন চার্লস ডি কেটেলারে।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে ম্যাচ শুরুর ৯ মিনিটে কেটেলারে দারুণ এক ক্রস থেকে গোল করে এগিয়ে নেন বেলজিয়ানদের। গোল হজমের পর পাল্টা আক্রমণে চাপ বাড়ায় যুক্তরাষ্ট্র এবং একপর্যায়ে সমতায় ফেরে।
তবে সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ইউরোপের দলটি। দ্রুত পাল্টা আক্রমণ থেকে আবারও গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের সামান্য ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ফিনিশে জয়সূচক অবস্থানে ফিরে আসে তারা।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর আবারও সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। মাঝমাঠ থেকে আক্রমণ সাজিয়ে একের পর এক সুযোগ তৈরি করলেও বেলজিয়ামের রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় বিরতির আগে গোল আদায় করতে পারেনি মার্কিনরা।
এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বেলজিয়াম। আর জিততে না পারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।
এফএ
























































































































