বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের রোষানলে ভিসা পাননি

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সেই সোমালি রেফারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সেই সোমালি রেফারি

২০২৬ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সোমালিয়া থেকে রেফারি হিসেবে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন ওমর আরতান। কিন্তু মাঠের বাঁশি মুখে নামার আগেই তাঁর সেই ঐতিহাসিক স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় মার্কিন প্রশাসনের এক বিতর্কিত সিদ্ধান্তে। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পেরে অবশেষে আজ বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ফিরে এসেছেন এই তারকা রেফারি।

সেখানে বিমানবন্দর এলাকায় শত শত সমর্থক ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সোমালিয়ার জাতীয় পতাকা হাতে তাঁকে উষ্ণ ও আবেগঘন অভ্যর্থনা জানান। ওমর আরতান বর্তমানে আফ্রিকার অন্যতম সেরা রেফারি এবং গত বছরই (২০২৫ সালে) তিনি মহাদেশের ‘সেরা পুরুষ রেফারি’র খেতাব অর্জন করেছিলেন।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ওমর আরতানের নাম সরাসরি উল্লেখ না করে জানায়, গত শনিবার ইস্তাম্বুল থেকে এক সোমালি নাগরিক মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে যাচাই-বাছাইয়ের পর তাঁকে দেশে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয়।

পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা স্পষ্ট করেন, কাস্টমস কর্মকর্তারা ওমর আরতানকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ’ বলে মনে করেছেন। প্রশাসনের দাবি, “সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের” সাথে সম্পর্ক থাকার অভিযোগে আরতানকে বিশ্বকাপ কাভার করার অনুমতি দেওয়া হয়নি।

অথচ কেনিয়ার সোমালি দূতাবাস থেকে জানানো হয়েছে, যথাযথ প্রক্রিয়া মেনেই গত সপ্তাহে ওমর আরতানকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান করা হয়েছিল। গত বছর ট্রাম্প প্রশাসন সোমালিয়াসহ ১২টি দেশের নাগরিকদের ওপর যে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল, আরতানের এই ঘটনাকে তারই একটি অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মোগাদিসুতে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরতান এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তবে পুরো প্রক্রিয়ায় বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফার ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “যা ঘটার তা ঘটে গেছে এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফিফা আমাকে যেভাবে সমর্থন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। পরিস্থিতি ভালো হোক বা খারাপ- সোমালিয়া আমাদেরই দেশ। আমি আমাদের তরুণ সমাজকে বলব, দেশের ওপর থেকে কখনো আশা হারিও না। আমি এখন আমার নিজের মাতৃভূমিতে আছি এবং এর চেয়ে উত্তম কোনো জায়গা আমার জন্য হতে পারে না।”


বিজ্ঞাপন


শত শত সমর্থকের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, ইনশাআল্লাহ্ আগামী বিশ্বকাপে আমি অবশ্যই অংশ নেব। সোমালিয়ার সাধারণ মানুষকে বলব, আপনারা মন খারাপ করবেন না এবং আত্মবিশ্বাসী থাকুন।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আরতান সোমালিয়ায় ফিরে বিমানবন্দরে বিমান থেকে নামছেন তখন সেখানে জড় হয়েছেন অনেক মানুষ। দেশটির সরকারের কর্মকর্তা, ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সোমালিয়ার অনেক সাধারণ নাগরিকও। এ সময় আরতান উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির নাগরিকরা।  

সোমালিয়ার সরকার জানিয়েছে, ওমর আরতানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে তারা মার্কিন প্রশাসন এবং ফিফা উভয়ের সাথেই দীর্ঘ আলোচনা ও সমঝোতার চেষ্টা করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের অনমনীয় মনোভাবের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং দেশের এমন একজন কৃতি সন্তানের সাথে ঘটে যাওয়া ঘটনায় সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে।

এদিকে ফিফার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে টুর্নামেন্ট শুরু হতে গেলেও আরতান যেহেতু যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি, তাই বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা বা অফিশিয়াল ট্রেনিংয়ে অংশ নেওয়া সম্ভব নয়।

ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেইনকে শিকাগো বিমানবন্দরে দীর্ঘ ৭ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর এবার আফ্রিকার সেরা রেফারি ওমর আরতানকে সরাসরি দেশ থেকেই ফেরত পাঠানোর ঘটনাটি ২০২৬ বিশ্বকাপের শুরুতেই মার্কিন ইমিগ্রেশনের কঠোরতা ও বৈষম্যমূলক আচরণ নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর