বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

কুরাসাও-কেপ ভার্দে বিশ্বকাপে খেলছে, বাংলাদেশ কেন পারছে না?

এতেশামুল ইসলাম লিমন
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

কুরাসাও-কেপ ভার্দে বিশ্বকাপে খেলছে, বাংলাদেশ কেন পারছে না?

ফুটবলে সাফল্য কি শুধুই জনসংখ্যার খেলা? উত্তর খুঁজতে গেলে চোখ চলে যায় ২০২৬ ফিফা বিশ্বকাপের দুই বিস্ময়কর দেশ কেপ ভার্দে ও কুরাসাওয়ের দিকে। জনসংখ্যায় বাংলাদেশের একটি জেলার সমানও নয় দেশ দুটি। অথচ তারাই জায়গা করে নিয়েছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। অন্যদিকে প্রায় ১৭ কোটির বেশি মানুষের বাংলাদেশ এখনও বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্নই দেখে যাচ্ছে।

আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের জনসংখ্যা মাত্র প্রায় ৫ লাখ ২৫ হাজার। আয়তনও মাত্র চার হাজার বর্গকিলোমিটারের কিছু বেশি। অথচ এই ক্ষুদ্র দেশটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে। বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী ক্যামেরুনকে পেছনে ফেলে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করেছে তারা। ১০টি বাছাই ম্যাচের সাতটিতে জয়, দুটি ড্র ও মাত্র একটি হার নিয়ে কেপ ভার্দে দেখিয়েছে ছোট দেশের বড় স্বপ্নের গল্প।


বিজ্ঞাপন


আরও বিস্ময়কর কুরাসাওয়ের গল্প। ক্যারিবিয়ান দ্বীপ দেশটির জনসংখ্যা মাত্র প্রায় ১ লাখ ৫৬ হাজার। এটি ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বে অপরাজিত থেকে সাত জয় ও তিন ড্রয়ে ২৮ গোল করে মাত্র পাঁচ গোল হজম করেছিল তারা।

afp_6a3064fdc478-1781556477

শুধু বিশ্বকাপে অংশগ্রহণই নয়, মাঠের পারফরম্যান্সেও নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিচ্ছে এই ছোট দেশগুলো। বিশ্বকাপের অভিষেক ম্যাচে কেপ ভার্দে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ৭৪ শতাংশ বল দখল, ২৭টি শট ও ২.২৯ এক্সজি সামলেও গোলশূন্য ড্র তুলে নিয়েছে। অন্যদিকে কুরাসাওও বিশ্ব ফুটবলের পরাশক্তিদের সামনে ভয়ডরহীন ফুটবল খেলার বার্তা দিয়েছে।

তাহলে প্রশ্ন উঠতেই পারে— যেখানে কয়েক লাখ মানুষের দেশ বিশ্বকাপের মঞ্চে দাঁড়াতে পারে, সেখানে কোটি মানুষের বাংলাদেশ কেন পারছে না?


বিজ্ঞাপন


এর উত্তর খুঁজতে গেলে শুধু জনসংখ্যার অঙ্ক দেখলে চলবে না। ফুটবলে সাফল্য বেশি মানুষ থাকার কারণে নয়, বরং সেই মানুষের ভেতর থেকে প্রতিভা খুঁজে বের করা, তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া এবং আন্তর্জাতিক মানের পরিবেশে গড়ে তোলার মাধ্যমে।

কেপ ভার্দে ও কুরাসাওয়ের সবচেয়ে বড় শক্তি হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং প্রবাসী খেলোয়াড়দের সঠিক ব্যবহার। কেপ ভার্দের বহু ফুটবলার পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ ইউরোপের বিভিন্ন দেশে বেড়ে উঠেছেন। সেখানকার উন্নত একাডেমি, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক লিগের অভিজ্ঞতা তাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা দিয়েছে।

c8257205d3545d145fc9da1d84dc54df

একইভাবে কুরাসাও নেদারল্যান্ডসের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে কাজে লাগিয়েছে। ডাচ ফুটবল একাডেমিতে বেড়ে ওঠা কুরাসাও বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে যুক্ত করার মাধ্যমে তারা নিজেদের দলকে শক্তিশালী করেছে। সীমিত জনসংখ্যা সত্ত্বেও বিশ্বমানের প্রশিক্ষণ পাওয়া খেলোয়াড়দের একটি শক্তিশালী দল গড়ে তুলতে সক্ষম হয়েছে দেশটি।

শুধু প্রবাসী ফুটবলার নয়, দুই দেশই গুরুত্ব দিয়েছে বয়সভিত্তিক দল গঠন, ট্যালেন্ট স্কাউটিং, দক্ষ কোচ নিয়োগ এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরির ওপর। তারা বুঝেছে, একদিনের সাফল্য নয়, ধারাবাহিক পরিকল্পনাই ফুটবল উন্নয়নের মূল চাবিকাঠি।

অন্যদিকে বাংলাদেশের সমস্যাটা প্রতিভার ঘাটতি নয়; বরং সেই প্রতিভাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার কাঠামোগত দুর্বলতা। প্রায় ১৭ কোটি মানুষের দেশে ফুটবলপ্রেমী ও প্রতিভাবান তরুণের অভাব নেই। কিন্তু তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা, আধুনিক ফুটবল একাডেমি, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, পুষ্টি ব্যবস্থা, পর্যাপ্ত স্কাউটিং এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় এখনও বড় ঘাটতি রয়েছে।

Hamza

এছাড়া দেশের ঘরোয়া ফুটবলের মান, বয়সভিত্তিক লিগের ধারাবাহিকতা এবং খেলোয়াড় উন্নয়নের ব্যবস্থাও আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থায় পৌঁছাতে পারেনি। ফলে বিশাল জনসংখ্যা থাকার পরও সেই সম্ভাবনা আন্তর্জাতিক সাফল্যে রূপ নেওয়া কঠিন হয়ে পড়েছে।

কেপ ভার্দে ও কুরাসাওয়ের গল্প তাই শুধু ছোট দেশের বড় অর্জনের গল্প নয়; এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। কয়েক লাখ মানুষের একটি দেশ যদি সঠিক পরিকল্পনা, পেশাদার কাঠামো এবং ফুটবল উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে পারে, তাহলে কোটি মানুষের বাংলাদেশ কেন পারবে না— সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করাই এখন সময়ের দাবি।

হয়তো একদিন বিশ্বকাপের মঞ্চেও উড়বে লাল-সবুজের পতাকা। তবে সেই স্বপ্ন পূরণ হবে না শুধু জনসংখ্যার গর্বে; প্রয়োজন হবে পরিকল্পনা, কাঠামো, পেশাদারিত্ব এবং দীর্ঘমেয়াদি ফুটবল বিপ্লবের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর