বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

বেতন বৃদ্ধি এবং স্বজনদের ফিরিয়ে না দিলে মাঠে ‘গড়াবে না’ বিশ্বকাপের বল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

বেতন বৃদ্ধি এবং স্বজনদের ফিরিয়ে না দিলে মাঠে ‘গড়াবে না’ বিশ্বকাপের বল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা হতে আর মাত্র এক দিন বাকি। ঠিক এমন সময় সহ-আয়োজক দেশ মেক্সিকোতে বড় ধরনের গণবিক্ষোভের আশঙ্কায় রাজধানী মেক্সিকো সিটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঘিরে শহরজুড়ে ১০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও বানর্তে’ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে ৪৮ দলের এই বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্র ও কানাডাতেও একযোগে উদযাপিত হবে।


বিজ্ঞাপন


তবে টুর্নামেন্ট শুরুর আগেই দেশজুড়ে বিভিন্ন সংগঠন ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে। শিক্ষক, কৃষক, পরিবহন শ্রমিক এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিসহ অন্তত ছয়টি সংগঠন রাজধানী অচল করার ঘোষণা দিয়েছে। তাদের স্লোগান- ‘সমাধান না হলে মাঠে গড়াবে না বল’। বিশ্বজুড়ে কোটি দর্শকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

বিক্ষোভকারীদের পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই তারা রাজধানীর প্রধান সড়কগুলোতে মিছিল ও সাইকেল র‍্যালি করবে। দুপুরের মধ্যে স্টেডিয়াম ও ফ্যান ফেস্ট এলাকাগুলো ঘিরে অবস্থান নেওয়ারও ঘোষণা রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা সেখানে মানববন্ধন ও এক মিনিট নীরবতার মাধ্যমে তাদের দাবির প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে চান।

অন্যদিকে, শক্তিশালী শিক্ষক সংগঠন সিএনটিই জানিয়েছে, তারা পরিবহন কেন্দ্র ও ফ্যান ফেস্টের প্রবেশপথ অবরোধের চেষ্টা করবে। তাদের দাবি, পেনশন আইন বাতিল, বেতন বৃদ্ধি এবং শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বিকল্প রুট ও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বিক্ষোভকে “উসকানিমূলক” আখ্যা দিলেও সরকার এখনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে।

এদিকে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ক্যাম্প ও অবস্থান অব্যাহত রয়েছে, যা উদ্বোধনী উৎসবকে ঘিরে উদ্বেগ বাড়িয়েছে। তবুও কর্তৃপক্ষ আশাবাদী, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই বিশ্বকাপের প্রথম দিনের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।


বিজ্ঞাপন


সূত্র: আলজাজিরা

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর