শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রয়টার্সের জরিপে বিশ্বকাপ জিতবে যে দেশ, ব্রাজিল-আর্জেন্টিনার কী অবস্থা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

২০২৬ ফিফা বিশ্বকাপ জিতবে ফ্রান্স, সুপার ফ্লপ হবে ব্রাজিল

মুদ্রাস্ফীতি, জ্বালানি বাজার কিংবা বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণে অভ্যস্ত অর্থনীতিবিদরা এবার নজর দিয়েছেন ফুটবলের সবচেয়ে বড় আসরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক বৈশ্বিক জরিপে অংশ নেওয়া বিশেষজ্ঞদের বড় একটি অংশ মনে করছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত উঠতে পারে ফ্রান্সের হাতেই।

রয়টার্সের উদ্যোগে ১১ মে থেকে ৫ জুন পর্যন্ত পরিচালিত এক জরিপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন। তাদের মধ্যে ৩৫ শতাংশ ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন।

এই পূর্বাভাস বাস্তবে রূপ নিলে ফ্রান্স তাদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করবে। এর আগে দলটি ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বসেরা হয়েছিল। ২০২২ আসরে তারা ফাইনালে পৌঁছেও শিরোপা ছুঁতে পারেনি।

জরিপে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মতে, শিরোপার অন্যতম দাবিদারদের তালিকায় ফ্রান্স ও স্পেনের পাশাপাশি রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল এবং ইংল্যান্ড।

অর্থনীতিবিদরা সবচেয়ে হতাশ হয়েছে ব্রাজিল দলকে নিয়ে। তাদের মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার সবচেয়ে বেশি হতাশ করতে পারে। প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদরাই এই সম্ভাবনা দেখছেন। ফ্লপের তালিকায় ব্রাজিলের সঙ্গে আছে জার্মানি।

Reuters_poll_-_2026_FIFA_World_Cup_winner

লন্ডনভিত্তিক আরবিসির সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডির মতে, গত বিশ্বকাপের ফাইনালে হারার হতাশা কাটিয়ে আরও পরিণত ও শক্তিশালী দল হিসেবে মাঠে নামবে ফ্রান্স। তাঁর বিশ্বাস, দলের বেশিরভাগ খেলোয়াড় এখন নিজেদের সেরা ছন্দে রয়েছেন। পাশাপাশি পিএসজির কয়েকজন উদীয়মান ফুটবলারের উপস্থিতি দলকে নতুন ভারসাম্য এনে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিলিয়ান এমবাপে এবার পুরোপুরি সতেজ অবস্থায় বিশ্বকাপে অংশ নিতে পারবেন।

ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও এমবাপেকে এগিয়ে রেখেছেন জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদরা। তাদের ধারণা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের সম্ভাবনায় তিনিই সবার আগে। এই তালিকায় তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, যিনি ক্লাব ফুটবলে অসাধারণ একটি মৌসুম কাটিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ফ্রান্স তাদের অভিযান শুরু করবে ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘আই’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

সূত্র: রয়টার্স

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর