শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য স্পেন–পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০২:২০ এএম

শেয়ার করুন:

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য স্পেন–পর্তুগাল

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে লড়াইয়ে নেমেছে স্পেন ও পর্তুগাল। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধ। মুহুর্মুহু আক্রমণের পরও কোনো দলই গোল আদায় করতে না পারলেও প্রথম ৪৫ মিনিট ছিল উত্তেজনায় ঠাসা। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ৯ মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়ে যায় স্পেন। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল লক্ষ্যে রাখতে পারেননি মিকেল ওইয়ারসাবাল।

এর তিন মিনিট পরই জবাব দেয় পর্তুগাল। দুর্দান্ত এক আক্রমণে বল পেয়ে জোরালো শট নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন অসাধারণ দক্ষতায় সেই শট ঠেকিয়ে দেন।
 
১৭তম মিনিটে আবারও গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় স্পেন। কিন্তু পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা পরপর দুটি দুর্দান্ত সেভ করে দলকে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা করেন।
 
এরপর আরও একবার আক্রমণের সূচনা করেন রোনালদো। তার তৈরি করা আক্রমণে জোয়াও ফেলিক্সের হেডও দারুণভাবে ফিরিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে রোনালদো অ্যাক্রোবেটিক ভঙ্গিতে শট নিলেও আবারও স্পেনকে রক্ষা করেন এই গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণের ঝড় তোলে স্পেন। রদ্রির পাস থেকে ডান প্রান্তে বল পেয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ে জোরালো শট নেন লামিন ইয়ামাল। তবে দুর্দান্ত সেভে সেই প্রচেষ্টা রুখে দেন দিয়েগো কস্তা। ফিরতি বলে আলেক্স বায়েনাও গোলের চেষ্টা চালান, কিন্তু এবারও কস্তা অসাধারণ সেভ করে পর্তুগালকে স্বস্তি দেন।
 
প্রথম ৪৫ মিনিটে দুই দলই বেশ কয়েকটি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে গোলরক্ষকদের দৃঢ়তায় কিংবা আক্রমণভাগের ব্যর্থতায় কোনো দলই এগিয়ে যেতে পারেনি। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় স্পেন ও পর্তুগাল।
 
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে লড়ছে দুই ইউরোপীয় পরাশক্তি। পর্তুগাল গ্রুপ পর্বে ডিআর কঙ্গো ও কলম্বিয়ার সঙ্গে ড্র করলেও উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। পরে শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে বিদায় করে তারা শেষ বত্রিশ পেরিয়েছে।
 
অন্যদিকে, কেপ ভার্দের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর দুর্দান্ত ছন্দে ফিরেছে স্পেন। বিশেষ করে শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী হয়ে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন এই দল।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর