ভারতের কোটি কোটি ফুটবল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। মাত্র কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে যে, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি দেখতে পাবেন ভারতের দর্শকরা। ভারতীয় মিডিয়া জায়ান্ট জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (জি) ফিফার সঙ্গে চুক্তি করে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।
এই চুক্তির ফলে শুধু ২০২৬ বিশ্বকাপ নয়, আগামী বছরগুলোতেও বড় বড় ফিফা টুর্নামেন্ট দেখার সুযোগ পাবেন ভারতীয় দর্শকরা। চুক্তিটি ২০৩৪ সাল পর্যন্ত চলবে এবং এতে ৩৯টি ফিফা ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
জি গ্রুপ তাদের নতুন চালু করা ইউনাইট৮ স্পোর্টস চ্যানেলগুলোতে টেলিভিশনে লাইভ সম্প্রচার করবে। টেলিভিশন পর্দায় খেলা দেখানোর জন্য জি গ্রুপ তাদের নতুন চারটি স্পোর্টস চ্যানেল ব্যবহার করবে। অন্যদিকে মোবাইল ও অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের জন্য থাকছে জি৫ অ্যাপ ও ওয়েবসাইট। মাল্টি-ভাষায় কভারেজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে সহজে পৌঁছে যাবে বিশ্বকাপের উন্মাদনা।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। এটি হতে চলেছে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ খেলা হবে।
অফিশিয়ালি চুক্তির অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবর অনুসারে, এটি প্রায় ৩০-৪০ মিলিয়ন ডলারের মধ্যে হয়েছে (ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৫০-৩৩০ কোটি টাকা)। ফিফা শুরুতে ভারতের জন্য অনেক বেশি দাম চেয়েছিল, কিন্তু সময়ের স্বল্পতা ও সম্ভাব্য দর্শক সংখ্যার বিষয়টি বিবেচনায় দাম কমিয়ে আনতে হয়।
সূত্র: রয়টার্স, আলজাজিরা




