বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

তিন দেশে তিন আয়োজন: শাকিরার ‘দাই দাই’ সুরে মেতে উঠবে ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

তিন দেশে তিন আয়োজন: শাকিরার ‘দাই দাই’ সুরে মেতে উঠবে ২০২৬ বিশ্বকাপ

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও দুয়ারে কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব- ফিফা পুরুষ বিশ্বকাপ ২০২৬। তবে এবার চেনা রূপ ছাড়িয়ে এক সম্পূর্ণ নতুন এবং বিশাল কলেবরে হাজির হচ্ছে এই টুর্নামেন্ট।

২০২২ সালে কাতারের মঞ্চে সোনালি ট্রফি উঁচিয়ে ধরা লিওনেল মেসি যেমন নিজের মুকুট ধরে রাখতে লড়বেন, তেমনি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনেও এটি ক্যারিয়ারের শেষ সুযোগ- যে অপূর্ণ স্বপ্ন তিনি সারাজীবন তাড়া করেছেন, সেই বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফিটি ছুঁয়ে দেখার।


বিজ্ঞাপন


ফুটবল ইতিহাসের সেরা বা 'গোট' কে- তা নিয়ে এই দুই কিংবদন্তির দ্বৈরথ যেমন মাঠের আবহ গরম রাখবে, তেমনি স্পেনের টিনএজ বিস্ময় লামিনে ইয়ামাল কিংবা ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপেরা যোগ করবেন আধুনিক ফুটবলের নতুন গ্ল্যামার।

তবে মাঠের খেলোয়াড়রা বাইসাইকেল কিক, বুলেট গতির শট কিংবা চেনা স্টাইলের গোল উদযাপনে মেতে ওঠার আগেই, ফুটবল মাঠ রূপ নেবে এক রাজকীয় গীতিমঞ্চে। জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এই বিশ্বমঞ্চের।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন কারা?

সহ-আয়োজক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই, যা ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়ে যাবে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্মৃতিতে। আগামী বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির ঐতিহাসিক 'এস্তাদিও আসতেকা' স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ৮৭,৫০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি লাতিন আমেরিকার সবচেয়ে বড় ভেন্যু।


বিজ্ঞাপন


সংগীত জগতের অন্যতম শীর্ষ তারকাদের উপস্থিতিতে এই আয়োজনটি সাজানো হয়েছে। মনকাড়া সুর, ড্রামের ধুমধাড়াক্কা বিট আর চোখ ধাঁধানো কোরিওগ্রাফিতে বরণ করে নেওয়া হবে ফুটবলকে।

444526

এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ চারবারের গ্র্যামিজয়ী এবং ‘লাতিন মিউজিকের রানি’ শাকিরার উপস্থিতি। নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়ের সঙ্গে যৌথভাবে তিনি গাইবেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। বিশ্বকাপ ইতিহাসের অফিশিয়াল গান মানেই যেন শাকিরা, যিনি এর আগে ২০১০ বিশ্বকাপে তাঁর কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে পুরো বিশ্বকে নাচিয়েছিলেন।

তারকাখচিত এই পারফর্মারদের তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়িকা তায়লা এবং কলম্বিয়ান তারকা জে বালভিন। মেক্সিকোর নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে মঞ্চ মাতাবেন দেশটির জনপ্রিয় কণ্ঠশিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ, লিলা ডাউনস এবং বেলিন্ডা। সাথে থাকছেন ভেনিজুয়েলার গায়ক ড্যানি ওশান।

shakiraburnaboy

এছাড়া মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’ এবং মিউজিক্যাল গ্রুপ ‘লস অ্যাঞ্জেলেস আজুলিস’ এর পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হবে মূল ম্যাচের আগের এই অনুষ্ঠান। ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে, অর্থাৎ স্থানীয় সময় সকাল ১১:৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭:৩0) শুরু হবে এই উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠান ‘ত্রয়ী’

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে তিনটি দেশে (মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র) খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই কারণেই ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলতে থাকা এই টুর্নামেন্টে এবার একটি নয়, বরং তিনটি ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে!

ফিফা জানিয়েছে, "প্রথম দেশ হিসেবে মেক্সিকো এই উৎসবের সূচনা করবে, যা পরবর্তীতে কানাডা এবং যুক্তরাষ্ট্রে গিয়ে একটি চমৎকার ‘উদ্বোধনী ত্রয়ী’ পূর্ণ করবে।"

১১ জুন মেক্সিকো সিটির উৎসব শেষ হওয়ার পরদিন, অর্থাৎ ১২ জুন কানাডার টরন্টোর ‘বিএমও ফিল্ডে’ বসবে দ্বিতীয় আসর। সেদিন বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা।

BMO_Field_A

সবশেষে এই ত্রয়ী উৎসবের ইতি ঘটবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘সোফাই স্টেডিয়ামে’, যেখানে পানামার বিরুদ্ধে মাঠে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র। পপ তারকা ক্যাটি পেরি এবং র‍্যাপার ফিউচারের মতো তারকাদের উপস্থিতিতে এই আয়োজনটি হবে জাঁকজমকপূর্ণ।

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেন, "ফিফা বিশ্বকাপ হলো এমন এক মুহূর্ত যা পুরো বিশ্ব একসঙ্গে ভাগ করে নেয় এবং সেই বন্ধনটা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই। মেক্সিকো সিটি দিয়ে শুরু করে পরবর্তী দিনগুলোতে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসের এই আয়োজনগুলো মিউজিক, সংস্কৃতি এবং ফুটবলকে এমনভাবে এক সুতোয় বাঁধবে যা প্রতিটি দেশের নিজস্ব বৈচিত্র্য এবং টুর্নামেন্টের ঐক্যকে প্রতিফলিত করবে। এটি একটি সত্যিকার বৈশ্বিক উৎসব শুরু করার দারুণ এক মাধ্যম।"

তবে চমকের এখানেই শেষ নয়। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে দেখা যাবে আমেরিকার বিখ্যাত ‘সুপার বোল’ স্টাইলের একটি জমকালো 'হাফ-টাইম শো'। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চালু হতে যাওয়া এই বিশেষ শো-তে একসঙ্গে পারফর্ম করবেন কে-পপ দুনিয়ার সুপারগ্রুপ বিটিএস, পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা এবং লাতিন গ্ল্যামার শাকিরা।

মাঠের লড়াইয়ের পাশাপাশি সংগীত আর সংস্কৃতির এমন মহাবিস্ফোরণ দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব।

আরএ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর