বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি, কিন্তু ফুটবল বিশ্বে আলোচনা তুঙ্গে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে। সাবেক খেলোয়াড়, বিশ্লেষক ও সমর্থকদের মতো এবার নিজের পছন্দের দলকে শিরোপার দাবিদার হিসেবে তুলে ধরেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার বিশ্বাস, ২০২৬ সালের বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ট্রফি জিতবে মরক্কো।
এক সাক্ষাৎকারে জোহরান মামদানি জানান, তার পূর্বাভাস অনুযায়ী বিশ্বকাপের ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। সেই ম্যাচে ফরাসিদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে উত্তর আফ্রিকার দেশটি।
বিজ্ঞাপন
তবে তিনি স্বীকার করেছেন, সম্ভাব্য চ্যাম্পিয়ন নির্ধারণে দীর্ঘ বিশ্লেষণ করার সুযোগ তার হয়নি। ফুটবলের প্রতি ভালোবাসা এবং আফ্রিকান ফুটবলের প্রতি বিশেষ আবেগ থেকেই তিনি এই পূর্বাভাস দিয়েছেন। তার ভাষায়, 'মনের টানই আমাকে এই সিদ্ধান্তে নিয়ে গেছে।'
মামদানির ভবিষ্যদ্বাণীতে রয়েছে আরও কয়েকটি চমক। তিনি মনে করেন, হাইতি নকআউট পর্বে পৌঁছাবে। অন্যদিকে শক্তিশালী ব্রাজিল শেষ ৩২ পর্বেই বিদায় নেবে জাপানের কাছে হেরে।
এছাড়া তার মতে, স্বাগতিক যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে। নকআউট পর্বে তারা কানাডা ও বেলজিয়ামকে হারালেও শেষ আটে তাদের পথ রোধ করবে ইংল্যান্ড।
চার বছর আগে ২০২২ ফিফা বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল। সেই সাফল্যের সময় নিউইয়র্কের মরোক্কান সম্প্রদায়ের সঙ্গে উদযাপনেও অংশ নিয়েছিলেন মামদানি।
বিজ্ঞাপন
বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত মরক্কোকে নিয়ে তার আশাবাদ আরও বেশি। যদি এই ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে সেটি হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের রেকর্ড।
মামদানি নিজের ফুটবলপ্রেমের কথাও তুলে ধরেছেন। উগান্ডায় জন্ম নেওয়া এই রাজনীতিক জানান, ২০১০ ফিফা বিশ্বকাপ দেখতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার অভিজ্ঞতা তার ফুটবলের প্রতি অনুরাগ আরও বাড়িয়ে দেয়। সে সময় তিনি ঘানার সমর্থক ছিলেন এবং উরুগয়ের বিপক্ষে নাটকীয় কোয়ার্টার ফাইনাল হারের পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।
তার নতুন পূর্বাভাসে ঘানাকেও নকআউট পর্বে দেখা যাচ্ছে। তবে শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে হেরে তাদের যাত্রা শেষ হবে বলে মনে করেন তিনি।




