বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

২১ হাজার কোটি টাকার বিশ্বকাপ দল, আর্জেন্টিনা-ব্রাজিলকে ছাড়াল এই দেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

২১ হাজার কোটি টাকার বিশ্বকাপ দল, আর্জেন্টিনা-ব্রাজিলকে ছাড়াল এই দেশ

বিশ্ব ফুটবলে ব্যক্তিগত জনপ্রিয়তার বিচারে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো কোটি ভক্তের হৃদয়ের শীর্ষে। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে জাতীয় দলগুলোর সামগ্রিক বাজারমূল্যের হিসাব বলছে ভিন্ন গল্প। খেলোয়াড়দের সম্মিলিত মূল্য বিবেচনায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা রোনালদোর পর্তুগাল নয়, বরং সবচেয়ে মূল্যবান স্কোয়াড নিয়ে সবার ওপরে উঠে এসেছে ফ্রান্স।

ইউরোপীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজারমূল্যের দল এখন ফ্রান্স। কিলিয়ান এমবাপে নেতৃত্বাধীন ফরাসি দলের মোট বাজারমূল্য প্রায় ১৩২ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭৮০ কোটি টাকার সমান। শুধু এমবাপের ব্যক্তিগত বাজারমূল্যই প্রায় ২ হাজার ৮৫৫ কোটি টাকা, যা তাঁকে বিশ্বের অন্যতম দামি ফুটবলারে পরিণত করেছে।


বিজ্ঞাপন


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইনের দলটির মোট মূল্য প্রায় ১১৩ কোটি পাউন্ড বা ১৮ হাজার ৬৪৫ কোটি টাকা। ইংলিশ স্কোয়াডের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় জুড বেলিংহাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ হাজার ১৩ কোটি টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। তরুণ তারকালামিন ইয়ামালের উপস্থিতিতে স্পেনের মোট স্কোয়াড মূল্য প্রায় ১৫ হাজার ৬৪০ কোটি টাকা। এরপর রয়েছে যথাক্রমে পর্তুগাল, জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, নরওয়ে ও বেলজিয়াম।

২০২৬ ফিফা বিশ্বকাপ সবচেয়ে দামি ১০ দল (বাংলাদেশি টাকায়)

১. ফ্রান্স – ২১,৭৮০ কোটি টাকা
২. ইংল্যান্ড – ১৮,৬৪৫ কোটি টাকা
৩. স্পেন – ১৫,৬৪০ কোটি টাকা
৪. পর্তুগাল – ১২,৬২২ কোটি টাকা
৫. জার্মানি – ১২,৩৭৫ কোটি টাকা
৬. ব্রাজিল – ১১,৩১৮ কোটি টাকা
৭. নেদারল্যান্ডস – ১০,৩৯৫ কোটি টাকা
৮. আর্জেন্টিনা – ১০,১৫৭ কোটি টাকা
৯. নরওয়ে – ৭,৪৫৮ কোটি টাকা
১০. বেলজিয়াম – ৬,৭৩২ কোটি টাকা

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৪ হাজার ৭১০ কোটি টাকার স্কোয়াড নিয়ে তারা অবস্থান করছে ১৮ নম্বরে। সহ-আয়োজক কানাডা রয়েছে ২৬তম স্থানে এবং মেক্সিকো রয়েছে ২৭তম স্থানে।


বিজ্ঞাপন


এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান দল জাপান। প্রায় ৩ হাজার ৪৭৫ কোটি টাকার স্কোয়াড নিয়ে তারা তালিকার ২২ নম্বরে অবস্থান করছে। অপরদিকে দক্ষিণ কোরিয়া প্রায় ১ হাজার ৭৭৫ কোটি টাকার দল নিয়ে রয়েছে ৩৩ নম্বরে। আর ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে কম বাজারমূল্যের দল হিসেবে আলোচনায় এসেছে জর্ডান। দেশটির পুরো স্কোয়াডের মূল্য মাত্র ২৪৩ কোটি টাকা।

আধুনিক ফুটবলে বাজারমূল্য সরাসরি সাফল্যের নিশ্চয়তা না দিলেও একটি দলের প্রতিভা, গভীরতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়। সেই দিক থেকে ২০২৬ বিশ্বকাপের আগে সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ স্কোয়াডের মালিক হিসেবে ফ্রান্সই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর