বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

বৈঠকে বসছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

বৈঠকে বসছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) রাত ৯টায় ওই বৈঠক শুরু হবে বলে জানা গেছে। তবে বৈঠকের ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি।

ঢাকা কলেজ কর্তৃপক্ষ বিষয় নিশ্চিত করে জানিয়েছেন শিক্ষার্থীদের দাবিগুলো জেনে রাত ৯টার দিকে নির্দিষ্ট একটি ভেন্যুতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।

উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস সিকদার এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন।

বৈঠকের বিষয়ে অধ্যাপক আব্দুল কুদ্দুস সিকদার গণমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকে ছাত্রনেতারা একটি পক্ষ। আর শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে আমরা একটি পক্ষ। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে আমরা ছাত্রদের দাবিগুলো জেনে নেবো। আমরা কালকেও রাস্তায় নেমেছিলাম শান্তিপূর্ণ সমাধানের জন্য। আজও সে আহ্বান জানিয়েছি। কিন্তু আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত ছাড়াই কেম-বেশি দোকান খোলায় নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে।

আলোচনার পর সিদ্ধান্ত অনুযায়ী দোকান খোলা উচিত উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য ককটেল বিস্ফোরণের মধ্যেও আমরা রাস্তায় নেমেছি। এ সময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন জানিয়েছেন, ‘দোকান মালিক সমিতির হেলাল সাহেব অধ্যক্ষকে ফোন করেছিলেন। তারা বসতে চাচ্ছেন।’

ছাত্রদের দাবিগুলো কী তা জানার জন্য আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা কলেজে বৈঠকে বসবেন না ব্যবসায়ীরা। তারা নিরপেক্ষ ভেন্যুতে বৈঠকে বসতে চেয়েছেন। নিরপেক্ষ ভেন্যু ঠিক হলে রাত ৯টার দিকে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার পর ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডের সামনে পরপর ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। এর পরপরই শিক্ষার্থীরা হল ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করতে দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি- দোকান খুলতে দেওয়া হবে না। দোকান খোলার আগে শিক্ষার্থীদের হামলার বিচার করতে হবে।

ওই সময় মার্কেটের সামনে ব্যবসায়ীদেরও অবস্থান নিতে দেখা যায়। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর