মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বড় স্ক্রিনে দেখানো হচ্ছে বেগম জিয়ার স্মৃতিচারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম

শেয়ার করুন:

Z

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশে রাজধানীর বিজয় সরণি এলাকায় বড় স্ক্রিনে ভেসে উঠছে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ। 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন, গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকার নানা মুহূর্ত বড় পর্দায় তুলে ধরে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে।


বিজ্ঞাপন


বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের আগ থেকেই বিজয় সরণি সংলগ্ন এলাকা থেকে জানাজাস্থল ও আশপাশের এলাকায় স্থাপিত একাধিক বড় স্ক্রিনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে। 

এসব ভিডিওতে প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ, সংসদে দেওয়া ভাষণ, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখানো হচ্ছে।

বড় স্ক্রিনের সামনে জড়ো হওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। অনেকেই নীরবে দাঁড়িয়ে চোখের পানি মুছতে মুছতে বেগম জিয়ার স্মৃতিচারণ দেখেন। 

প্রবীণ বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম প্রধান মুখ, যার নেতৃত্বে বহু ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছে।


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী আবদুস সালাম বলেন, আজ বড় স্ক্রিনে আপার পুরো রাজনৈতিক জীবন একসঙ্গে দেখে মনে হচ্ছে ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি। তার নেতৃত্ব আমাদের প্রেরণা হয়ে থাকবে।

গাজীপুর থেকে আগত সমর্থক রাশেদ মাহমুদ বলেন, নতুন প্রজন্ম যেন তার অবদান ভুলে না যায়, সেজন্য এ ধরনের স্মৃতিচারণ খুবই জরুরি।

জানাজাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বড় স্ক্রিনের সামনে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও দলীয় কর্মীরা দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, জানাজার আগ মুহূর্ত পর্যন্ত বড় স্ক্রিনে স্মৃতিচারণমূলক ভিডিও চলবে, যাতে দূর-দূরান্ত থেকে আসা মানুষ শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীর রাজনৈতিক জীবন ও আদর্শ স্মরণ করতে পারেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

গত ২৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ/এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর