বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসর সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’
বিজ্ঞাপন
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখের পাশাপাশি ২০১৫ সালে তার সঙ্গে সাক্ষাতের বিষয়েও স্মরণ করেছেন মোদি।
অন্যদিকে রাহুল লিখেছেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার দীর্ঘ জনজীবনে, তিনি দেশের রাজনৈতিক যাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত ছিলেন। এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটছিল তাঁর। অবশেষে সব প্রচেষ্টাকে ব্যর্থ করে আজ মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেখ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
এমএইচআর




















































































































































