বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় এই শোক প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি।
বিজ্ঞাপন
শোকবার্তায় জানানো হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে নির্বাচন কমিশন গভীরভাবে শোকাহত।
বার্তায় আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনের শোকবার্তায় বলা হয়, তার রাজনৈতিক জীবনে বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘ সময় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় ও আপোষহীন ভূমিকা পালন করেন।
শোকবার্তায় আরও বলা হয়, নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
এতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এম/জেবি




















































































































































