শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে এগিয়ে আমির খসরু, এনাম ও সরওয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে এগিয়ে আমির খসরু, এনাম ও সরওয়ার
ভোটকেন্দ্রে আমির খসরু মাহমুদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোট গণনা চলছে। এর মধ্যে কয়েকটি কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

একইভাবে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের এনামুল হক ও ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। ভোট গণনা শেষে এ তথ্য প্রকাশ করেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা।


বিজ্ঞাপন


তাদের তথ্যমতে, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের ১৪৩টি কেন্দ্রের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত দুটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর উত্তর আবাসিক এলাকার ঘাসফুল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ হাজার ৬৬টি। এর মধ্যে ১৬টি বাতিল হওয়ায় বৈধ ভোট দাঁড়ায় ১ হাজার ৫০টি। 

এ কেন্দ্রে আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৪১৯ ভোট। হাতপাখা প্রতীকের মো. নুর উদ্দিন পেয়েছেন ২৮ ভোট এবং লাঙ্গল প্রতীকের আবু তাহের পেয়েছেন ৬ ভোট। অন্য প্রার্থীরা কেউই ৪টির বেশি ভোট পাননি।

বন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ হাজার ৬৬০টি। এর মধ্যে ৩২টি বাতিল হওয়ায় বৈধ ভোট ১ হাজার ৬২৮টি। এ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ৮৯৬ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৬৭৫ ভোট। চেয়ার প্রতীকের মুহাম্মদ আবু তাহের পেয়েছেন ৩৪ ভোট এবং হাতপাখা প্রতীকের মো. নুর উদ্দিন পেয়েছেন ১২ ভোট। অন্য প্রার্থীরা কেউই ৫টির বেশি ভোট পাননি।

দুই কেন্দ্র মিলিয়ে মোট বৈধ ভোট ২ হাজার ৬৭৮টি। এর মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪৮১ ভোট এবং মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট। ফলে প্রাথমিক ফলাফলে ৩৮৭ ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী। বাকি কেন্দ্রগুলোর ফলাফলও ঘোষণার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


পটিয়া আসনের ৫৮ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে এনাম

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫৮ কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনাম। 

এসব কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে পড়েছে ৬৬ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীক পেয়েছে ১৪ হাজার ৬৭৭ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১১ হাজার ৫৫৮ ভোট।

B
এনামুল হক এনাম ও সরোয়ার আলমগীর

ফটিকছড়িতেও দুই কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ভোট গণনায় দুইটি কেন্দ্রের আংশিক ফলাফলের তথ্য প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, দুটিতেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন।

নাজিরহাট নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল স্কুল কেন্দ্রে বিএনপি মনোনীত সরোয়ার আলমগীর পেয়েছেন ধানের শীষ প্রতীকে ১২৩০ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১১৫ ভোট।

জামায়াত প্রার্থী নুরুল আমিনের কেন্দ্র পাইন্দং উচ্চ বিদ্যালয়ে ধানের শীষ প্রতীকে সরোয়ার আলমগীর পেয়েছেন ১৪২১ ভোট, দাড়িপাল্লা প্রতীকে পড়েছে  ৮২৬ ভোট।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গণনা প্রক্রিয়া এখনও চলছে এবং পুরো আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে আরও কিছু সময় লাগবে।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর